দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগ দিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দুই জ্যেষ্ঠ সদস্যকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করেছে দিল্লি পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের পরপরই রানওয়েতে থাকা অবস্থায় পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করে তাকে আটক করে।
উড়োজাহাজের ভেতরে চলা উত্তেজনাকর পরিস্থিতির সময় অভিজিৎ দীপকে নিজের ইনস্টাগ্রাম থেকে সরাসরি সম্প্রচার করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি এবং দলের সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বলেন, তারা বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা না করে ভেতরে ঢুকে আটক করায় স্বাধীনভাবে চলাচলের অধিকার ক্ষুণ্ন হয়েছে, তবে তারা পুলিশি গ্রেপ্তারে ভয় পান না।
এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে সিজিপি এক বিবৃতিতে জানিয়েছে, আন্দোলনকে নেতৃত্বহীন ও পঙ্গু করে দেওয়ার উদ্দেশে দিল্লি পুলিশ এই পূর্বপরিকল্পিত বাধা সৃষ্টি করেছে। সংগঠনটি অবিলম্বে অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।
এর আগে একই দিন সকালে ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজিপির আইনি বিভাগের প্রধান রত্না সিংকেও নিজ বাসা থেকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ রাতভর অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে অন্তত ৪০০ জন সন্দেহভাজন আন্দোলনকারীকে আটক করেছে।