• ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত , ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত

Usbnews.
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬
রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত , ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত
নিউজটি শেয়ার করুনঃ

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে।

স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি সম্পর্কে যথাসময়ে হালনাগাদ তথ্য জানানো হবে বলে জানিয়েছে বিমান।

এর আগে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে রিয়াদগামী যাত্রীদের যাত্রাসূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে এমন পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত

নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি সম্পর্কে আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে হালনাগাদ তথ্য জানানো হবে।

এর আগে দাম্মাম বিমানবন্দর সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় গতকাল রোববারও একই ফ্লাইটের যাত্রায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে যাত্রার সময় কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের (ডিএমএম) কার্যক্রম স্বাভাবিক থাকলেও পরে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনায় নিয়ে বিজি-৩৪৯ বাংলাদেশ সময় রাত ২টা ২৭ মিনিটে কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে। প্রায় তিন ঘণ্টা পর দাম্মাম বিমানবন্দর পুনরায় চালু হলে ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৭টা ২ মিনিটে নিরাপদে দাম্মামে পৌঁছায়।

পরে বিজি-৩৫০ ফ্লাইটটি দাম্মাম থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফ্লাইটটির আজ বেলা ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

বিমান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তাঁদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।