• ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এরদোয়ানকে হয়তো সৌদিকে সহায়তা করতে বলব, বললেন ট্রাম্প

Usbnews.
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬
এরদোয়ানকে হয়তো সৌদিকে সহায়তা করতে বলব, বললেন ট্রাম্প
নিউজটি শেয়ার করুনঃ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে থাকা সৌদি আরবকে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অনুরোধ করতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, হুথিরা ‘বেশ খারাপ আচরণ’ করছে। এ পরিস্থিতিতে তিনি এরদোয়ানকে সংঘাতে হস্তক্ষেপ করে সৌদি আরবের স্বার্থে সহায়তা করার অনুরোধ জানাতে পারেন।

ট্রাম্প বলেন, ‘আমি হয়তো এরদোয়ানকে এই দ্বন্দ্বে হস্তক্ষেপ এবং সৌদির স্বার্থকে সহায়তা করতে বলব। প্রেসিডেন্ট এরদোয়ান, আমি বললে হয়তো সহায়তা করবেন।’

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে মক্কা চুক্তির আওতায় তুরস্ক ইতিমধ্যে সৌদি আরবকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। হুথিদের সঙ্গে চলমান সংঘাত নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প।

ইরান যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানকে নিয়ে সিদ্ধান্ত নেবে।

হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা নেননি সৌদি যুবরাজ
এদিকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তাব দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেই প্রস্তাবে রাজি হননি বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

মঙ্গলবার সংবাদমাধ্যমটি এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে নেতানিয়াহু সৌদি আরবকে সহায়তার প্রস্তাব দেন। হুথিদের বিরুদ্ধে হামলার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার পথ তৈরি করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য।

তবে ইসরায়েলের সহায়তা গ্রহণ করলে সৌদি আরবের সাধারণ মানুষ ক্ষুব্ধ হতে পারেন—এমন আশঙ্কায় যুবরাজ সালমান প্রস্তাবটি গ্রহণ করেননি বলে ওই কূটনৈতিক সূত্রের দাবি।