• ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর : সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা , ভুয়া লাশের ছবি সহ মৃতদেহ ঢাকায় ভুয়া

Usbnews.
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর  : সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা , ভুয়া লাশের ছবি সহ মৃতদেহ ঢাকায় ভুয়া
নিউজটি শেয়ার করুনঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। কপি হাতে আসার পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা করে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছেন, দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অবশ্যই তথ্যে এবং প্রক্রিয়ায় কোনো এক জায়গায় ঘাটতি রয়েছে। এটা খতিয়ে দেখার জন্য আমরা দুই পক্ষ কথাবার্তা বলছি।

ভুয়া লাশের ছবি সহ মৃতদেহ ঢাকায় ভুয়া খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। কাল্পনিক কাহিনী ও ছবি দিয়ে বিভিন্ন খবর ছড়াচ্ছে অনেকেই।

গত ১৪ অক্টোবর সৌদি আরবে নজরুল ইসলাম আব্দুল বশির ও সিতি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক খবরে জানায়, মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে তাদের সাজা দেওয়া হয়েছে। সৌদি নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনে। পরে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

বিস্তারিত জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দার কনস্যুলেট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে দুই বাংলাদেশির পরিচয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, দুই বাংলাদেশির গ্রেপ্তার, বিচার কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আগে থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি মিশনের নজরে আসে।

সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে দুই ব্যক্তির নাম উল্লেখ করা হলেও তাদের পরিচয় নিশ্চিত করার মতো বিস্তারিত তথ্য ছিল না। তাদের পাসপোর্ট, আকামা ও নাগরিকত্বসংক্রান্ত তথ্যও পাওয়া যায়নি। এ কারণে ঘটনার পূর্ণ বিবরণ জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ কনস্যুলেট।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, শরিয়াহ আইনের ‘তাআজির’ বিধানের আওতায় বিচারকের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে উচ্চতর বিচারিক কর্তৃপক্ষও ওই রায় বহাল রাখে।

তবে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না, আপিলের সুযোগ পেয়েছিলেন কি না কিংবা কনস্যুলার সহায়তা চেয়েছিলেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশে কোনো নাগরিক গ্রেপ্তার হলে তার অনুরোধে আটককারী দেশকে সংশ্লিষ্ট দেশের কনস্যুলেটকে অবিলম্বে অবহিত করতে হয় এবং কনস্যুলার সহায়তার সুযোগ দিতে হয়। তবে ওই দুই বাংলাদেশি কনস্যুলেটকে অবহিত করার অনুরোধ করেছিলেন কি না, তা জানা যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুই বাংলাদেশির বিষয়ে আগে থেকে বাংলাদেশ মিশনকে কিছু না জানানোর কারণ খতিয়ে দেখা প্রয়োজন। সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়া গেলে তাদের পরিচয় ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানা সম্ভব হবে।

মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর জানা যায়, ঐ দুই বাংলাদেশির বিচার প্রক্রিয়া সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের মিশনকে অবহিত করেনি সৌদি কর্তৃপক্ষ। পরে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছে বিস্তারিত তথ্য চেয়ে ‘নোট ভার্বাল’ দিয়েছে বাংলাদেশ।

গত সেপ্টেম্বরে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ওই অঞ্চলে বন্দি বাংলাদেশিদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছিল।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক কর্মকর্তা বলেন, ‘তারা আমাদের একটি তালিকা পাঠিয়েছিল। তাতে ওই দুই বাংলাদেশির নামও ছিল। কিন্তু তাদের বিরুদ্ধে দেওয়া রায় সম্পর্কে কোনো তথ্য ছিল না।’

ওই কর্মকর্তা বলেন, ‘শুধু ওই তালিকা দেখে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের নাম মেলানো সম্ভব ছিল না।’ তিনি আরও বলেন, ওই দুই বাংলাদেশির কেউ কনস্যুলার সহায়তা চেয়ে তাদের কাছে আবেদন করেননি।

তালিকায় একজনের বিরুদ্ধে ‘অনৈতিক কাজ’ এবং অন্যজনের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি সংক্রান্ত অপরাধের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল।
তবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঢাকা ও রিয়াদে কর্মরত কর্মকর্তাদের সূত্রের দাবিগুলো সরকারীভাবে এখনো প্রকাশ করা হয়নি।

 

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করে তথ্য চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

এছাড়া বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ’কে ডেকে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য চেয়েছে ঢাকা। এ ব্যাপারে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের ‘কনস্যুলার সম্পর্কিত ভিয়েনা কনভেনশনের’ বিধান মেনে চলা নিয়ে প্রশ্ন উঠছে।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ২০২৩ সালে অভিযুক্তদের আটক করে সৌদি আরবের পুলিশ। এ সময়ের মধ্যে তাদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেনি। রায়ের কপি হাতে এলে তাদের পরিচয় ও দুই জনের মধ্যে কী সম্পর্ক ছিল, তা জানা যাবে। তিনি বলেন, সৌদির বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। নিয়মিতভাবে তারা বাংলাদেশের কাছে এ তালিকা পাঠায়, সেখানেও খতিয়ে দেখছে মন্ত্রণালয়। তিনি বলেন, আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ধৈর্য ধরুন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির

অন্যদিকে দুই দেশ সফর শেষে দেশে ফিরে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবে যে প্রক্রিয়ায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা দুঃখজনক। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশেষ করে, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা ভালো এবং গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরব জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। যে ঘটনা ঘটেছে, এখানে তথ্য বিনিময়ের ঘাটতি রয়েছে। ঘাটতিটা কীসের জন্য হয়েছে তা খতিয়ে দেখার জন্য আমরা একটা ব্যাখ্যা চেয়েছি। এখানে অবশ্যই তথ্যের ও প্রক্রিয়ায় কোনো এক জায়গায় ঘাটতি রয়েছে। আমরা এটা খতিয়ে দেখার জন্য দুই পক্ষ কথাবার্তা বলছি।

তিনি বলেন, এটা অবশ্যই দুঃখজনক, অপরাধের অভিযোগ এনে যেভাবে দণ্ড কার্যকর হলো সেটা আমাদের জন্য হতাশার। কারণ, আল্লাহর ঘরের পবিত্রতা এবং মক্কা যাওয়ার উদ্দেশ্য মানুষের পবিত্রই হয়। যেটা আমরা শুনলাম এটা যদি হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে এটা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির ক্ষতিপূরণ পাওয়ার কোনো সুযোগ আছে কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, না, রায় কার্যকর হয়ে গেছে। হয়ে গেলে এটার আর সুযোগ থাকে না। এখন আমরা দেখব ঘাটতিটা কোথায়।

দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়ার প্রশ্নে হুমায়ুন কবির জানান, সেটা মিডিয়ার খবরে দেখেছেন। তিনি বলেন, এটা পরিষ্কার। আমরা যদি সৌদি আরবের কোনো ক্রিমিনালকে ধরি এখানে অবশ্যই তাদের জানাব। কনস্যুলার সার্ভিসেস সুযোগ পেতে পারে সে। তিনি বলেন, পবিত্র জায়গা, আল্লাহর বাড়ি মানুষ পবিত্র নিয়তে যায়। ওখানে গিয়ে ঐ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া তো ঠিক না, গ্রহণযোগ্য না। সুতরাং এখানে পরিষ্কার যদি ক্রাইম হয়ে থাকে এটার একটা আইন রয়েছে। তাদের লোকাল আইন রয়েছে, যে যায় সৌদি আরবে সে তা জানে।

বাংলাদেশের বিদেশি মিশনগুলোতে শ্রমকল্যাণ উইং রাখার বিধানও রয়েছে। এসব উইংয়ের কাজ শ্রমিকদের অধিকার ও কল্যাণ দেখা। কিন্তু তাদের কাজের অবহেলার অভিযোগ করেন পরিবাসীরা।

২০২৬ সালে সংশোধন করা ২০০০ সালের আইনগত সহায়তা প্রদান আইনের ৭(১)(ঙ) ধারায় বিদেশে থাকা নাগরিক ও অভিবাসী শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা আছে। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

আইনের ৭(১)(গ) ধারায় জরুরি আইনি সহায়তা ও পরামর্শের কথাও বলা হয়েছে। আর ৫(৪) ধারায় বাংলাদেশ মিশনগুলোতে আইনগত সহায়তা কর্মকর্তা নিয়োগের বিষয়ে সুপারিশ করার বিধান রয়েছে।

এসব বিধান শুধু অভিবাসী শ্রমিকদের জন্য নয়, বিদেশে থাকা অন্য বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিয়ম অনুযায়ী, জেলা প্রবাসীকল্যাণ কার্যালয়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় অথবা সরাসরি বোর্ডে আইনি সহায়তার আবেদন করা যায়। পরে আবেদনটি বাংলাদেশ মিশন বা সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

সরকারের মাইগভ প্ল্যাটফর্মেও বিনা মূল্যে আবেদন করা যায়। এ সেবায় আবেদন নিষ্পত্তির নির্ধারিত সময় ২০ কর্মদিবস।

ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী যুবক নজরুল ইসলাম মাহিনকে নিয়ে আলোচনা ,কিন্তু প্রশাসন নিশ্চিত নয় , সরকারের কাছে নেই তথ্য 

সৌদি আরবে যাওয়ার কিছুদিন পর, ওই বছরের ২৯ নভেম্বর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘ভাব নেয়াটা আমাকে মানায় নাহ, কারণ আমি মধ্যবিত্ত।’ এরপর ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি ঘাসের ওপর শুয়ে থাকা একটি ছবি দিয়ে লেখেন, ‘পকেটে টাকা থাকলে তোমরা দুনিয়া কিনতে পারবে।’

পরবর্তী সময়ে মক্কার পবিত্র মসজিদুল হারামে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ পান নজরুল। ২০২৩ সালের ৮ মার্চ কাবা শরিফের সামনে নীল রঙের ইউনিফর্ম পরা নিজের একটি ছবি পোস্ট করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ ক্লিনার মক্কা হেরাম শরিফ।’ তার ওই পোস্টে হাজারো মানুষ শোক ও সমবেদনা জানিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

পরিবারের সদস্যরা জানান, ২০২২ সালের নভেম্বরে সৌদি আরবে যাওয়ার প্রায় ছয় মাস পর মক্কার একটি মসজিদে এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নজরুলসহ দুজনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। তিন বছর তিন মাস কারাগারে থাকার পর বুধবার (১৪ অক্টোবর) তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে পরিবারের সদস্যরা জানান।

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর গ্রামের চার ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন নজরুল। তার মৃত্যুদণ্ড কার্যকরের খবর শুনে ওই দিন রাতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তার ফুফু আবেদা বেগম।

নজরুলের মা রহিমা বেগম জানান, কারাগারে থাকা অবস্থায় প্রতি রোববার পরিবারের সঙ্গে কথা বলতেন নজরুল। কিন্তু হঠাৎ করেই পরিবারকে কিছু না জানিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গণমাধ্যম ও ফেসবুকে প্রকাশিত খবরের মাধ্যমেই প্রথম ছেলের মৃত্যুর বিষয়টি জানতে পারেন তারা।

নজরুলের বাবা আব্দুল বাছির আক্ষেপ করে বলেন, সাত লাখ টাকা ঋণ করে সংসারের হাল ধরতে ছেলেকে প্রবাসে পাঠিয়েছিলেন তিনি। সৌদি আরবে যাওয়ার ছয় মাস পর থেকেই ছেলে কারাগারে ছিল। এর মধ্যে মাত্র দেড় লাখ টাকা পাঠাতে পেরেছিল। এখন একদিকে ঋণদাতাদের চাপ, অন্যদিকে ছেলেকে হারানোর শোক। কী কারণে ছেলে কারাগারে ছিল, তা-ও জানতেন না তিনি। এখন অন্তত ছেলের মরদেহ দেশের মাটিতে ফিরিয়ে আনতে চান।

এদিকে, তিন বছরের বেশি সময় কারাগারে থাকার পরও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পরিবারকে কিছু না জানানো এবং আইনি সহায়তার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো নির্দেশনা দেয়া হয়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো আবেদন করা হয়নি। মরদেহ দেশে এলে নিয়ম অনুযায়ী সহায়তা করা হবে।’

 

প্রায় ৪ বছর আগে সৌদি আরব যান টাঙ্গাইলের সুইটি আক্তার। অনেক মিডিয়া বলছে সেই সৌদি কর্তৃপক্ষ সুইটিকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং সম্প্রতি তা কার্যকরও করেছে

May be an image of one or more people and text

প্রায় ৪ বছর আগে সৌদি আরব যান টাঙ্গাইলের সুইটি আক্তার। প্রথম ৫ মাস বাড়িতে টাকাও পাঠান তিনি। পরে ফোন করে বাড়িতে জানান তাকে কারাগারে নেওয়া হয়েছে। সেখান থেকে ১৫ দিন আগেও ফোন করেছিলেন। জানিয়েছিলেন জেল থেকে মুক্তি পাবেন কয়েক মাসের মধ্যেই।

কথাগুলো বলছিলেন সুইটির বাবা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেরা ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামের বাসিন্দা ফজল মিয়া।

আজ মঙ্গলবার তাদের বাড়িতে গিয়ে প্রতিবেশীদের ভিড় দেখা যায়। তারা জানতে পেরেছেন, সৌদি কর্তৃপক্ষ সুইটিকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং সম্প্রতি তা কার্যকরও করেছে।

পেশায় দিনমজুর ফজল মিয়ার ৫ মেয়ের মধ্যে সবার ছোট সুইটি। ৪ বছর আগে ধার-দেনা করে মেয়েকে সৌদি পাঠিয়েছিলেন।

মেয়েটির পিতা সংবাদ মাধ্যমকে জানান , ‘দালালের মাধ্যমে সৌদিতে চাকরির জন্য পাঠিয়েছিলাম মেয়েকে। এজন্য দেড় লাখ টাকা ধার করেছিলাম। প্রথম ৫ মাস সে বাড়িতে টাকাও পাঠিয়েছিল। পরে একদিন ফোন করে জেলে যাওয়ার খবর জানায়।’

‘সুইটি জানিয়েছিল, সেখানে কর্মরত অন্য নারীকর্মীদের সঙ্গে ঝগড়ার পর তাকে ফাঁসিয়ে জেলে দেওয়া হয়েছে। এরপর এক বছর সুইটির খোঁজ পাইনি।
‘পরে আবার একদিন মেয়ে জেল থেকে ফোন করে। এরপর প্রতিমাসেই বাড়িতে ফোন করে কথা বলত। কিন্তু কোর্টে তার বিচারের কথা বলেনি। শেষদিকে ফোনে জানিয়েছিল দুই মাস পর জেল থেকে মুক্তি পেতে পারে।’

‘সবশেষ ১৫ দিন আগেও জেল থেকে বাড়িতে ফোন করে কথা বলে। তখনো সাজার কথা কিছু বলেনি,’ বলেন সুইটির বাবা।

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদে নববী কর্তৃপক্ষ

Capture

পবিত্র মক্কার একটি মসজিদে অনৈতিক কাজ করার অভিযোগে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এতে দেখা যাচ্ছে পবিত্র কাবার হাজরে আসওয়াত বা কালো পাথরের কাছে এক ব্যক্তি এক নারীকে মাথায় ধাক্কা দিচ্ছেন। সামাজিকমাধ্যমে বলা হচ্ছে, এ দুজন হলেন সেই বাংলাদেশি যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তবে এই তথ্য মিথ্যা জানিয়ে সৌদির দুই পবিত্র মসজিদ কর্তৃপক্ষের এক্স অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) একটি পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, “ভিডিওটি যে তথ্য দিয়ে ছড়ানো হচ্ছে এটি মিথ্যা এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো প্রমাণও নয় এটি।”

 

ফ্যাক্টচেকিং : 
সৌদি আরবে দুই বাংলাদেশির শিরচ্ছেদের দৃশ্য নিয়ে মিথ্যাচার

২০১৫ সালে সৌদি আরবে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য। ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। ভিডিওটি সাম্প্রতিক ঘটনার নয়; বরং ২০১৫ সালে সৌদি আরবে এক নারীর শিরচ্ছেদের দৃশ্য।

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দাবি করে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে শিরচ্ছেদের ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি ২০১৫ সালে সৌদি আরবে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে ভিডিওটি প্রচার করা হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের ২০১৫ সালের ১৯ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, ওই বছরের ১৭ জানুয়ারি সৌদি আরবে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ঘটনার ভিডিও ধারণ করে ইউটিউবে প্রকাশ করেছিলেন এক ব্যক্তি। পরে তাকে সাইবার অপরাধের অভিযোগে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ।

‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন

বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন। গ্রাফিক্স: ইত্তেফাক

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন। একই সঙ্গে নিজের বক্তব্যটি প্রত্যাহার করেছেন তিনি। তার মন্তব্যে নিহত ব্যক্তিদের স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এই সংসদ সদস্য।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করেন কামরুজ্জামান রতন।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি স্টার নিউজের একটি টক শোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি বলেছিলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’

নিজের ওই মন্তব্যকে অনুচিত উল্লেখ করে কামরুজ্জামান রতন বলেন, বক্তব্যটি দেওয়া তার একেবারেই ঠিক হয়নি। এ জন্য তিনি সম্পূর্ণভাবে মন্তব্যটি প্রত্যাহার করছেন। তার কথায়, ওই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছেন, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, মানুষ ভুল করতেই পারে। তবে ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর একটি বিশেষ নেয়ামত। নিজের মন্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং আবারও ক্ষমা প্রার্থনা করেন।

এ নিয়ে স্টার নিউজের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে স্টার নিউজের টক শো ‘কড়া আলাপ’-এ ‘সৌদিতে মৃত্যুদণ্ড ও আমাদের কূটনীতির ব্যর্থতা’ শীর্ষক আলোচনায় সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে মন্তব্য করেন কামরুজ্জামান রতন। তার সেই বক্তব্য ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করে মন্তব্যটি প্রত্যাহার করেন তিনি।