• ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গত ৯ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ১০১৩টি ঘটনায় ৭৩ জন নিহত ও ৬ হাজার ৪৭৩ জন আহত, ৯১ শতাংশে বিএনপি জ’ড়িত: এইচআরএসএস

Usbnews.
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬
গত ৯ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ১০১৩টি ঘটনায় ৭৩ জন নিহত ও ৬ হাজার ৪৭৩ জন আহত, ৯১ শতাংশে বিএনপি জ’ড়িত: এইচআরএসএস
নিউজটি শেয়ার করুনঃ

গত ৯ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ১ হাজার ১৩টি ঘটনায় ৭৩ জন নিহত ও ৬ হাজার ৪৭৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপিরই ৪৬ জন ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর ৮ জন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ জন রয়েছেন।

সহিংসতার ধরন বিশ্লেষণে দেখা যায়, ১ হাজার ১৩টি সহিংসতার ঘটনার ৯৩১টিই (৯১%) ঘটেছে বিএনপির অন্তর্কোন্দলে ও বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে।

একই সময়ে মব সহিংসতা ও গণপিটুনির ৩৯৮টি ঘটনায় নিহত হয়েছেন ১৮৭ জন। কারাগারে মারা গেছেন ৯৫ জন বন্দি; আর নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৫১৮ জন সাংবাদিক।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬-এর মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

১৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ এবং সংগঠনটির নিজস্ব তথ্য ও অনুসন্ধানী প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশেই বিএনপি জড়িত
এইচআরএসএসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত নয় মাসে ১ হাজার ১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৭৩ জন এবং আহত হয়েছেন ৬ হাজার ৪৭৩ জন।

এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৩৪২টি ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ৬৩২ জন ও নিহত ৪০ জন। বিএনপি-জামায়াতের মধ্যে ৩২১টি সংঘর্ষে আহত হয়েছেন ২ হাজার ১৯০ জন ও নিহত ১১ জন, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ৯৩টি সংঘর্ষে আহত হয়েছেন ৫৪৫ জন এবং নিহত হয়েছেন ৯ জন।

বিএনপি-এনসিপির মধ্যে ৪৭টি সংঘর্ষে আহত হয়েছেন ৩২০ জন, আওয়ামী লীগ-এনসিপির মধ্যে ৫টি সংঘর্ষের ঘটনায় আহত ৫৮ জন, আওয়ামী লীগ-জামায়াতের মধ্যে ২টি সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত ও ১ জন নিহত, আওয়ামী লীগের অন্তর্কোন্দলের ১টি ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং বিএনপি-অন্যান্য দলের মধ্যে ১২৮টি সংঘর্ষে আহত হয়েছেন ৩২০ জন। এছাড়া, অন্যান্য ছোট-বড় দলগুলোর মধ্যে সংঘটিত ৭৪টি ঘটনায় আহত হয়েছেন ৪০৫ জন এবং নিহত হয়েছেন ১১ জন।