• ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী : খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে

Usbnews.
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬
সিলেটে সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী : খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে
নিউজটি শেয়ার করুনঃ

 

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : ফুটবল-ক্রিকেটের পাশাপাশি কাবাডি, ভলিবল, হকি, দাবা, টেনিসসহ সব খেলায় প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে পারলে সাফল্য অর্জনকারী খেলোয়াড়েরা দেশের সম্পদ ও জাতির গর্ব হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ সোমবার বিকেলে সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ে বিজয়ী সিলেট বিভাগের প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া সিলেটের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘তোমরা সিলেটের সম্পদ। তোমাদের এই কৃতীত্ব আমরা বহু বছর মনে রাখব। সিলেটবাসীর মনে থাকবে, এই ছেলেদের নিয়ে আমরা অহংকার করতে পারি। বাংলাদেশে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ এখনো সব ক্ষেত্রে সমানভাবে প্রতিষ্ঠিত হয়নি। ফুটবল ও ক্রিকেটের খেলোয়াড়েরা তুলনামূলক বেশি স্বীকৃতি পেলেও অন্য খেলাগুলোয় সেই সুযোগ বাড়াতে হবে। নারী-পুরুষ যে খেলাতেই সাফল্য অর্জন করুন না কেন, তাঁদের যথাযথ স্বীকৃতি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

মন্ত্রী বলেন, সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংকোচ বোধ করা জিসান নামের এক তরুণকে উৎসাহিত করে মন্ত্রী বলেন, ‘শুরুতে মাইকে কথা বলতে আমার নিজেরও নার্ভাস লাগে। আজ যিনি কথা বলতে পারেননি, কয়েক বছর পর তিনিই সাবলীলভাবে কথা বলবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, বিভাগীয় সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু ও জেলা সদস্যসচিব রেজাউল করিম নাচনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।