স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচারের জন্য নতুন চ্যানেল ‘ওয়াদা টিভি’কে তরঙ্গ বরাদ্দের অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে প্রস্তুতিগত সীমাবদ্ধতা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে সম্প্রচার শুরু করতে না পারায় ‘লাইভ টিভি’ ও ‘টিভি নেক্সট’-এর বরাদ্দকৃত তরঙ্গ এবং সংশ্লিষ্ট অনুমতিপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে। বিটিআরসির ৩১২তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এমজিএইচ মিডিয়া লিমিটেডের মালিকানাধীন ওয়াদা টিভিকে ২৪ ঘণ্টার বেসরকারি স্যাটেলাইটভিত্তিক ইংরেজি সংবাদ চ্যানেল হিসেবে পরিচালনার জন্য ৬ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২১ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চ্যানেলটি স্থাপনের জন্য সাময়িক অনাপত্তি দেয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্যাটেলাইটের নির্ধারিত ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার শর্তে এ অনুমোদন দিয়েছে বিটিআরসি।
অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে আপলিংকের তরঙ্গ বরাদ্দ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারের কার্যক্রম সম্পন্ন করতে না পারায় মিনার্ভা মিডিয়া লিমিটেডের ‘লাইভ টিভি’ এবং ৩৬ মিডিয়া লিমিটেডের ‘টিভি নেক্সট’-এর তরঙ্গ বরাদ্দ ও সাময়িক অনুমতিপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে।
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও প্রস্তুতিগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল লাইভ টিভি। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চ্যানেলটির সম্প্রচার শুরুর অনাপত্তিপত্রের মেয়াদ ২০২৭ সালের ২৩ আগস্ট পর্যন্ত বাড়ায়। এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিটিআরসিও তরঙ্গ বরাদ্দ এবং যন্ত্রপাতি ব্যবহারের অনুমতির মেয়াদ একই দিন পর্যন্ত বৃদ্ধি করেছে।
টিভি নেক্সটের জন্য আগে বরাদ্দ করা ৬ মেগাহার্জ তরঙ্গের মেয়াদ চলতি বছরের ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চ্যানেলটির সম্প্রচার শুরুর অনাপত্তিপত্রের মেয়াদ ২০২৭ সালের ২৩ জুন পর্যন্ত বাড়ায়।
এর ধারাবাহিকতায় বিটিআরসি টিভি নেক্সটের তরঙ্গ বরাদ্দ এবং যন্ত্রপাতি ব্যবহারের সাময়িক অনুমতিপত্রের মেয়াদও পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর ধরে ২০২৭ সালের ২৩ জুন পর্যন্ত বাড়িয়েছে।