এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিন দিনে দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন সীমান্তে এসব ঘটনা ঘটে।
গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন) দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় এসব চেষ্টা প্রতিহত করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এ সময় ভারতীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।
৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সংবাদ মাধ্যমকে জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। গত তিন দিনে প্রায় ৩০ জনকে আমরা পুশইনের চেষ্টা প্রতিহত করেছি। ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে।