হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৪ জাহাজে আগুন লেগেছে। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, ইরানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে গত ২৪ ঘণ্টায় মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। জাহাজগুলো প্রণালির দক্ষিণ দিকের অনুমোদনহীন পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, প্রথম তিনটি জাহাজ তাদের রাডার ও নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল। এমনকি তারা ইরানি নৌবাহিনীর সতর্কবার্তাও উপেক্ষা করে।
মাইন বিস্ফোরণে প্রণালির পূর্ব দিকে আরেকটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। জাহাজটি প্রণালির সংরক্ষিত ও বিপজ্জনক এলাকা দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল।
এ ঘটনার এক দিন আগেই মার্কিন সামরিক বাহিনী বলেছিল, প্রণালিটি থেকে মাইন অপসারণ করে তারা জাহাজ চলাচলের পথ পরিষ্কার করেছে।
সূত্র: আলজাজিরা