• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

Usbnews.
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৬
হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন
নিউজটি শেয়ার করুনঃ

হ্যালোইন উৎসবকে ঘিরে ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সারা দেশে ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সাঁজোয়া যান ও জলকামানসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হবে। গত সপ্তাহের বিক্ষোভ দমনের সময়ও এসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান আন্দোলনের কয়েকটি কর্মসূচি ইতোমধ্যে লুটপাট ও দাঙ্গায় রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে হ্যালোইনের দিন নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

এক সংবাদ সম্মেলনে নুনেজ বলেন, ‘৩১ অক্টোবর জনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার অত্যন্ত উচ্চ ঝুঁকি রয়েছে।’ তিনি জানান, গত সপ্তাহের মতো এবারও প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ ধরনের বড় পরিসরের মোতায়েনকে তিনি ‘ব্যতিক্রমী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, গত শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, ওই বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ ছিল।

এ ছাড়া এর আগের সপ্তাহে অনুষ্ঠিত বিক্ষোভের ঘটনায় ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হ্যালোইন উৎসব ঘিরে সম্ভাব্য বিক্ষোভ, লুটপাট ও সহিংসতা মোকাবিলায় এবার ফ্রান্সজুড়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে দেশটির কর্তৃপক্ষ।