• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: মিরপুরে ৫ মামলায় আসামি ১৩ হাজার, গ্রেপ্তার ২৯

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬
পোশাকশ্রমিকদের বিক্ষোভ: মিরপুরে ৫ মামলায় আসামি ১৩ হাজার, গ্রেপ্তার ২৯
নিউজটি শেয়ার করুনঃ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় অন্তত ১৩ হাজার জনকে আসামি করা হয়েছে। মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২৯ জন।

আজ সোমবার বিকেলে পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

মহিদুল ইসলাম বলেন, কেউ যাতে শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়া মিরপুরে সড়কে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। একইসঙ্গে, যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে গোয়েন্দা পুলিশ দাবি করে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী রয়েছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আজ সোমবার দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য জানান।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁর থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি হাফিজুর রহমান বলেন, আজও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে তাঁর থানায় তিনটি মামলা হয়েছে। সব মামলার বাদী পুলিশ।

ওসি জালাল উদ্দিন আরও জানান, প্রতিটি মামলায় অজ্ঞাতনামা দুই হাজার থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।