• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গ্যাস সরবরাহ চার দিন বন্ধ থাকার সংবাদ বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

Usbnews.
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬
গ্যাস সরবরাহ চার দিন বন্ধ থাকার সংবাদ বিভ্রান্তিকর: পেট্রোবাংলা
নিউজটি শেয়ার করুনঃ

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব আখ্যা দিয়ে এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

আজ মঙ্গলবার পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

এতে আরও বলা হয়, এ সময়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের সরবরাহ কমে গিয়ে স্বল্পচাপ দেখা দিতে পারে।

পেট্রোবাংলা জানায়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন তথ্য দিয়ে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ডের আদলে তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব তথ্যের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে কর্তৃপক্ষের নজরে এসেছে।

এ পরিস্থিতিতে জনগণকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।