বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানটির সার্ভার ও প্রযুক্তিগত নিয়ন্ত্রণ ভারত থেকে পরিচালিত হচ্ছিল, যা দেশের নাগরিকদের তথ্যের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংক নিরাপত্তা ঝুঁকির কারণে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘ডিজিপে’ (DGePay)-কে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করেছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানটির সার্ভার ও প্রযুক্তিগত নিয়ন্ত্রণ ভারত থেকে পরিচালিত হচ্ছিল, যা দেশের নাগরিকদের তথ্যের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। এই কারণে গত ২৯ অক্টোবর থেকে সাময়িকভাবে এর কার্যক্রম ও এনপিএসবি সেবা স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন খান জানান, প্রতিষ্ঠানটির সার্ভারে ভারত থেকে প্রবেশ (এক্সেস) এবং সেখান থেকে নিয়ন্ত্রণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দেশের বাইরে থেকে আর্থিক সেবা নিয়ন্ত্রণ করাকে বাংলাদেশ ব্যাংক ডেটা নিরাপত্তা ও সার্বিক পেমেন্ট ব্যবস্থার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে।
ডিজিপে (DGePay)-এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহমুদ জানিয়েছেন, তাদের মূল প্রযুক্তিটি ভারতের একটি গবেষণা ও উন্নয়ন (R&D) দল তৈরি করেছিল। তবে তাদের দাবি—ভারতীয় ডেভেলপারদের শুধুমাত্র নির্দিষ্ট উন্নয়ন কাজের (Development work) জন্য প্রবেশাধিকার দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে প্ল্যাটফর্ম চালানোর জন্য নয়। তারা কোনো ধরনের সাইবার নিরাপত্তা লঙ্ঘনের (Security Breach) ঘটনা ঘটেনি বলেও দাবি করেছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্তের অংশ হিসেবে প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে দেশের মূল ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক (NPSB) থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে ব্যাংক-ভিত্তিক আন্তঃলেনদেন বন্ধ হলেও তাদের অন্যান্য কিছু অভ্যন্তরীণ সেবা চালু রয়েছে এবং বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তাদের আলোচনা চলছে।
ডিজিপে (ডিজি ই-পে সার্ভিসেস লিমিটেড) ২০২৩ সালের আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসেবে লাইসেন্স পেয়েছিল।