• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মানবতাবিরোধী অপরাধ : আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

Usbnews.
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬
মানবতাবিরোধী অপরাধ : আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
নিউজটি শেয়ার করুনঃ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আমির হোসেন আমু ও শাজাহান খানসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নেন।

সেই সঙ্গে গ্রেপ্তার থাকা ৬ আসামিকে আগামী ২২ নভেম্বর হাজির করার নির্দেশ ও পলাতক একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মার্জিনা রায়হান ও সহিদুল ইসলাম সরদার। শুনানিতে এ মামলায় আনা অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর তামিম।

২ নভেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে ২৬ অক্টোবর তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ওই প্রতিবেদন যাচাই-বাছাই করে তা ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।

আমু ও শাজাহান ছাড়া এই মামলায় অন্য যাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে তারা হলেন শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক ও মির্জা আজম। এদের মধ্যে মির্জা আজম ছাড়া অন্যরা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল। আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন ও পরামর্শ দিয়েছেন। সাতজনের বিরুদ্ধেই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ এনেছে প্রসিকিউশন।