• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে উল্টো সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরান

Usbnews.
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৬
মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে উল্টো সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরান
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে বলে মন্তব্য করেছেন ইরানি বাসিজ বাহিনীর সাবেক কমান্ডার হোসেইন তায়েব। মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার মার্কিন ও ইসরায়েলি প্রচেষ্টাই এখন উল্টো দেশ দুটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি তার।

তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হোসেইন তাইয়েব।

ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে তিনি বলেন, ‘আজ আমরা বলতে পারি, আমেরিকা ও ইসরাইলে পরিবর্তন শুরু হয়েছে। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিফলন দেখতে পাব।’

তাইয়েবের দাবি, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা ওয়াশিংটনের ছিল, তা এখন খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তিনি বলেন, ‘যুদ্ধ এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের আন্দোলন দেশটির নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান জনমতের প্রতিফলন।’

ইরানের এই বাসিজ কমান্ডার আরও দাবি করেন, বিদেশে সামরিক হস্তক্ষেপের ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে প্রশ্ন বাড়ছে। একই সঙ্গে যুদ্ধের প্রতি মার্কিন জনগণের ক্লান্তিও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।

তার মতে, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার এবং অঞ্চলটির রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা পরিবর্তনের মার্কিন প্রচেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনেনি। বরং এর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতেই নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা