জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নজর না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অসত্য বক্তব্যের মাধ্যমে বিরোধী দলের চরিত্রহননে ব্যস্ত রয়েছেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন, রাহাজানি ও সন্ত্রাসের ঘটনা বাড়লেও এসব নিয়ন্ত্রণে নজর না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিরোধী দলের চরিত্রহননে ব্যস্ত রয়েছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য তাঁর নিজের ব্যর্থতা ঢাকার প্রচেষ্টা মাত্র।
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে ৬ নভেম্বর চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের বিপুল সমর্থন পেয়েছে। কল্যাণমুখী সংগঠন হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। দেশ ও জাতির কল্যাণে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা করছে। জামায়াতে ইসলামীকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া অসত্য বক্তব্য ও বিষোদ্গারের নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সব বিষয় স্পষ্ট ও প্রকাশ্য। সুতরাং জামায়াতের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আকিদা নিয়ে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। জামায়াতে ইসলামী প্রত্যেক মুসলিমকে ব্যক্তিগত জীবনে ইসলামের বিধিবিধান পরিপালনে উৎসাহিত করে। একই সাথে দেশের অন্যান্য ধর্ম ও মতের নাগরিকদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর এবং জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান ও শ্রদ্ধা করে। কোনো প্রকার বিষোদ্গারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, ইনশাআল্লাহ।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ। বিগত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহারে এর প্রতিফলন রয়েছে এবং সংগঠনের চলমান কার্যক্রমেও তা ফুটে উঠছে। জামায়াতে ইসলামী দেশে কোনো প্রকার বিভক্তিকে প্রশ্রয় দেয় না; বরং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে।
তিনি বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর বিএনপি সরকারের আমলে নতুন করে গুপ্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। খুন, রাহাজানি ও সন্ত্রাস চরম আকার ধারণ করেছে। এসবের দিকে নজর না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অসত্য বিষোদ্গারের মাধ্যমে বিরোধী দলের চরিত্রহননে ব্যস্ত রয়েছেন, যা তাঁর নিজের ব্যর্থতা ঢাকার প্রচেষ্টা মাত্র।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী কোনো পরিবেশে গেলেই বড় ইসলামী ব্যক্তিত্ব হয়ে ওঠেন, যা ‘ভেড়ার গোয়ালে তুলসী গাছের মতো’। জামায়াতসহ ইসলামী দলগুলোকে নিয়ে তিনি বিষোদ্গার করেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে এ ধরনের বক্তব্য পরিহার করে নিজের দায়িত্বের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।