ইতিহাসের সঠিক পাঠ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তরুণদের ইতিহাসমনস্ক ও গবেষণাপ্রবণ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রোজ একাডেমির উদ্যোগে শুরু হয়েছে ‘হিস্ট্রি স্কলার্স ট্রেনিং’। ইতিহাসকে শুধু জানা নয়, বরং তথ্য, যুক্তি ও বস্তুনিষ্ঠতার আলোকে বোঝা এবং তা সঠিকভাবে উপস্থাপনের প্রত্যয় নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রোজ একাডেমি আয়োজিত History Scholars Training-এর দ্বিতীয় সেশন প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
দ্বিতীয় সেশনে ইতিহাস গবেষণা ও উৎস বিশ্লেষণ, বাংলার মুসলিম শাসনের উত্থান এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের মতো গুরুত্বপূর্ণ ও গবেষণাধর্মী বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান।
সেশনে অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন ইতিহাস গবেষণা ও উৎস বিশ্লেষণ বিষয়ে আলোচনা করেন। তাঁর আলোচনায় গবেষণার ধারণা, গবেষণা পদ্ধতি, গবেষণা প্রশ্ন, প্রাথমিক ও গৌণ উৎস, তথ্য যাচাই, উদ্ধৃতি, রেফারেন্স এবং গবেষণার নৈতিকতার বিষয়গুলো উঠে আসে।
অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বাংলার মুসলিম শাসনের উত্থান, রাজনৈতিক ও অর্থনৈতিক বিকাশ নিয়ে আলোচনা করেন। এতে দিল্লি সালতানাতের সঙ্গে বাংলার সম্পর্ক, স্বাধীন বাংলার সুলতানি শাসন, কূটনীতি, নগর, মুদ্রা ও স্থাপত্যের বিকাশের বিষয়গুলো স্থান পায়।
অন্যদিকে, ড. মাহমুদুর রহমান সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের ধারণা, তত্ত্ব ও সমকালীন প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ দেন।
এর আগে প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম দিনের আলোচনায় ইতিহাসের মৌলিক ধারণা, বাংলায় ইসলামের আগমন ও বিস্তার, মুসলিম ঐতিহ্য, জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। প্রশিক্ষকদের আলোচনা ও দিকনির্দেশনায় অংশগ্রহণকারীরা ইতিহাস অধ্যয়ন, বিশ্লেষণ ও উপস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন।
আয়োজকদের লক্ষ্য কেবল কিছু প্রশিক্ষিত অংশগ্রহণকারী তৈরি করা নয়; বরং এমন একদল ইতিহাসমনস্ক, গবেষণাপ্রবণ ও দায়িত্বশীল তরুণ গড়ে তোলা, যাঁরা তথ্য, যুক্তি ও বস্তুনিষ্ঠতার আলোকে ইতিহাস অধ্যয়ন করবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের সঠিক পাঠ পৌঁছে দিতে ভূমিকা রাখবেন।
প্রশিক্ষণ কার্যক্রম সফল করতে প্রশিক্ষক, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। ‘ইতিহাস জানি, ইতিহাস বুঝি, ইতিহাসের সঠিক পাঠ ছড়িয়ে দিই’—এই প্রত্যয়কে সামনে রেখে রোজ একাডেমির এ আয়োজন এগিয়ে যাচ্ছে।