সাইবার সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে জনগণের বাক্স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সংকুচিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি সরকার জুলাইয়ের গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পেরে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মঞ্চ ২৪ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ফাহিম ফারুকী অভিযোগ করেন, জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পরিবর্তে নতুন আইনের মাধ্যমে ভিন্নমত ও সমালোচনাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, জুলাইয়ের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সরকারের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের গণতন্ত্রকামী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রশ্নে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মানববন্ধনে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহ্বায়ক ফাহিম মাশরুর সংশোধিত সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, প্রস্তাবিত সংশোধিত আইনের বিধানগুলো শেখ হাসিনার শাসনামলের বহুল সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন (DSA)-এর চেয়েও ভয়ংকর। এ ধরনের আইন নাগরিক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে নতুন উদ্বেগ তৈরি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ সময় সাবেক কূটনীতিক সাকিব আলী ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, জাতীয় সংহতি এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আসিফ আদনান, রাফি খান দিদার এবং মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় সংগঠক ইশরাত করিম অর্পিতা।
অনুষ্ঠানে বক্তারা জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা, জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নাগরিক অধিকার খর্ব করতে পারে এমন আইনি বিধানের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।