• ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মধ্যবর্তী নির্বাচনে হারের পর হোয়াইট হাউস , প্রশাসনে অস্থিরতা

Usbnews.
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে হারের পর হোয়াইট হাউস , প্রশাসনে অস্থিরতা
নিউজটি শেয়ার করুনঃ

মধ্যবর্তী নির্বাচনে হারের পর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পরিবর্তন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুসি ওয়াইলসের স্থলে দীর্ঘদিনের সহযোগী স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। গত শুক্রবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ নীতিতে ট্রাম্পের সবচেয়ে কঠোর অবস্থানগুলোর অন্যতম পরিকল্পনাকারী মিলার ওয়াশিংটনের অন্যতম ক্ষমতাধর পদে আসছেন। প্রেসিডেন্টের ক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর দীর্ঘদিনের সমর্থক মিলার এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছেন, যখন মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের ফলে অভ্যন্তরীণ নীতির লক্ষ্যগুলো বাস্তবায়নে ট্রাম্প নির্বাহী ক্ষমতার ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়তে পারেন।

এর আগে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদ ও সিনেটের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। একই সঙ্গে তাঁর প্রশাসনের বিরুদ্ধে কংগ্রেসে একের পর এক তদন্তের চাপও সামলাতে হবে তাঁকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প মিলারকে তাঁর ‘সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের একজন’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে সুসি ওয়াইলসের কাজের প্রশংসা করে বলেন, তিনি ‘অসাধারণ কাজ’ করেছেন। ট্রাম্প জানান, সোমবার থেকে এই পরিবর্তন কার্যকর হবে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, মিলারের নিয়োগের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, ট্রাম্প তাঁর নীতিগুলো পুনর্বিবেচনার কোনো ইচ্ছা রাখেন না। বরং সবচেয়ে অনুগত সহযোগীদের পুরস্কৃত করছেন তিনি। ওই কর্মকর্তা বলেন, ‘তিনি তাঁর পথ পরিবর্তন করছেন না।’ যদিও লাখ লাখ মার্কিন ভোটার ট্রাম্পের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির প্রতি অনাস্থা জানিয়েছেন।

চলতি সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। তবে কঠোর ভাষা ও আপসহীন অবস্থানের জন্য পরিচিত মিলারকে গুরুত্বপূর্ণ পদে বসানোর মধ্য দিয়ে আরও সংঘাতমুখী অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা বলেছেন, অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্টের কর্মসূচি বাস্তবায়নে নতুন করে জোরালো উদ্যোগ নিতে পারেন মিলার।

নির্বাচনে বিপর্যয়ের পর পদত্যাগের কথা ভাবছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
মঙ্গলবারের নির্বাচনের আগে নিজের রাজনৈতিক ও যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। তখন তাঁর জনসমর্থন প্রায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। বিষয়টি সম্পর্কে অবহিত একজন ব্যক্তি জানিয়েছেন, কংগ্রেসে ডেমোক্র্যাটরা ক্ষমতা ফিরে পাওয়ার পর হোয়াইট হাউসকে আরও ‘আক্রমণাত্মক’ হতে হবে বলে এ সপ্তাহে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে বড় ধরনের অস্থিরতা ও রদবদল দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট বলছে, পদ ছাড়তে পারেন চার থেকে পাঁচজন। মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও।

ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ চার থেকে পাঁচজন মন্ত্রী পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।

রুবিওর পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনার কেন্দ্রে ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন বলে ধারণা করা হচ্ছে। দ্য ইনডিপেনডেন্ট বলছে, যুদ্ধের দায় ট্রাম্পের ওপর চাপিয়ে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টাও করতে পারেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ধারণা, যুদ্ধের দায় থেকে নিজেকে দূরে সরিয়ে আরও কট্টর অবস্থানের কর্মকর্তাদের দিকে আঙুল তুলছেন ভ্যান্স। বিশেষ করে ইরান যুদ্ধের পক্ষে জোরালো অবস্থান নেয়া মার্কো রুবিওকে দায়ী করার পথ তৈরি করছেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে রয়েছেন সমরমন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ পরিচালনায় ভূমিকার কারণে নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতির দায় তার ওপর চাপানো হচ্ছে। ট্রাম্পের দলের এক জ্যেষ্ঠ নেতার দাবি, জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগেই মন্ত্রণালয় ছাড়তে হতে পারে হেগসেথকে।

মন্ত্রিসভায় পরিবর্তন বা রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর মন্ত্রিসভা থেকে খুব অল্প কয়েকজন পদ ছাড়তে পারেন।

মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে ইতিমধ্যে তিনজন পদত্যাগ করেছেন। এর মধ্যে ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের অধীনে থাকা মিয়ামির ইউএস অ্যাটর্নি জেসন কিনোনেস পদত্যাগ করেছেন।

হোয়াইট হাউসের প্রেস সচিব পদ নিয়ে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। ক্যারোলাইন লেভিট দায়িত্ব ছাড়ার পর কেটি জাকারাইয়াকে নিয়োগ দেওয়া হলেও, একটি সংবাদ সম্মেলন যথাযথভাবে সামলাতে না পারার কারণে মাত্র পাঁচ দিনের মাথায় তাকে বরখাস্ত করা হয়। এরপর নতুন প্রেস সচিবের প্রস্তাব অনেকে ফিরিয়ে দিয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দীর্ঘদিনের সহযোগী এবং কঠোর অভিবাসননীতির অন্যতম প্রধান রূপকার স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন, যিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হয়েছেন।

নিয়োগ পাওয়ার পর এক্সে মিলার লেখেন, ‘এখন আমাদের লক্ষ্য আগের যেকোনো সময়ের চেয়ে স্পষ্ট। প্রেসিডেন্টকে সমর্থন করতে এবং এই মহান প্রজাতন্ত্রকে রক্ষা করতে আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে।’

প্রতিনিধি পরিষদের নতুন ডেমোক্র্যাট স্পিকার হতে যাওয়া হাকিম জেফরিস এ নিয়োগের প্রতিক্রিয়ায় এক্সে মিলারকে ‘বেপরোয়া উগ্রপন্থী’ বলে অভিহিত করেছেন।

অভিবাসনবিরোধী অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা
৪১ বছর বয়সী মিলার ট্রাম্পের সবচেয়ে দীর্ঘদিনের সহযোগীদের একজন। ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় মেয়াদেই দায়িত্ব পালন করা হাতে গোনা কয়েকজন কর্মকর্তার মধ্যে তিনি অন্যতম।

২০২৫ সালে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে মিলার সুসি ওয়াইলসের অধীনে উপপ্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ট্রাম্পের অভ্যন্তরীণ নীতির বড় অংশজুড়ে তাঁর ব্যাপক প্রভাব ছিল। প্রেসিডেন্টের ওপরও তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে।

ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী অভিযান পরিচালনায় ভূমিকার জন্যই মিলার সবচেয়ে বেশি পরিচিত। প্রতিদিন তিন হাজার অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি। এই লক্ষ্য পূরণের প্রচেষ্টায় মার্কিন অভিবাসন কর্মকর্তারা দেশের বিভিন্ন এলাকার জনপদে অভিযান চালান। তাঁদের অভিযানে ক্রমেই এমন ব্যক্তিরাও গ্রেপ্তার হতে থাকেন, যাঁদের কোনো অপরাধের রেকর্ড নেই এবং যাঁরা কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

তবে এই অভিযানের বিষয়ে মার্কিনদের মধ্যে সমর্থন কম।

প্রতিনিধি পরিষদের নজরদারি ও সরকারি সংস্কারবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া বলেছেন, মিলারের অভিবাসননীতিগুলো নিয়ে তদন্ত করার পরিকল্পনা রয়েছে তাঁদের। তিনি বলেন, ‘স্টিফেন মিলারের উচিত আইনজীবী নিয়োগ করা।’

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারি প্রশাসন নতুন করে সাজানোর ট্রাম্পের প্রচেষ্টাতেও গভীরভাবে যুক্ত ছিলেন মিলার। ২০২৫ সালে ওই উদ্যোগের ফলে হাজার হাজার সরকারি কর্মচারী চাকরি হারান। বিশ্ববিদ্যালয়, বৈচিত্র্যবিষয়ক কর্মসূচি এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

পররাষ্ট্রনীতিতে কঠোর অবস্থান
পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ট্রাম্পের কঠোর অবস্থানের জোরালো সমর্থক মিলার। ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক বহনের সন্দেহে নৌযানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী সামরিক হামলার পক্ষে তিনি প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। এসব হামলা নিয়ে আইনি প্রশ্নও উঠেছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলারও প্রশংসা করেছেন মিলার। তেহরানকে দুর্বল করা এবং প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি তৈরির সক্ষমতা কমানোর উপায় হিসেবে নৌ অবরোধ ও নিষেধাজ্ঞার পক্ষেও অবস্থান নিয়েছেন তিনি। তবে এ সপ্তাহের নির্বাচনে ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের কারণে আংশিকভাবে রিপাবলিকানরা ভোটারদের সমর্থন হারানোর পরও তিনি একই অবস্থানে আছেন কি না, তা স্পষ্ট নয়।

ট্রাম্পের প্রথম মেয়াদে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা মার্ক শর্ট বলেন, মিলারকে নিয়োগ দিয়ে ট্রাম্প এমন একজনকে পাচ্ছেন, যিনি তাঁর প্রতি পুরোপুরি অনুগত এবং অভিবাসন ও কংগ্রেসের তদন্তের মতো বিষয় নিয়ে আইনপ্রণেতাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত।

এক সাক্ষাৎকারে শর্ট বলেন, ‘এ থেকে দ্বিদলীয় আইন প্রণয়নের বিষয়ে উচ্চ প্রত্যাশার কোনো ইঙ্গিত পাওয়া যায় না।’

ইরান যুদ্ধের কারণে ডেমোক্র্যাটদের অভিশংসনের দাবির মুখে থাকা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে মিলারের পদোন্নতিকে স্বাগত জানিয়েছেন।

নির্বাচনে বিপর্যয়ের পর হোয়াইট হাউসে রদবদল
প্রেসিডেন্টের দপ্তরের চিফ অব স্টাফ সাধারণত হোয়াইট হাউসের অন্যতম প্রভাবশালী পদ। প্রেসিডেন্টের সঙ্গে কারা সাক্ষাৎ করবেন, তা নিয়ন্ত্রণের পাশাপাশি তিনি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করেন, প্রেসিডেন্টের সময়সূচি ঠিক করেন এবং সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে সমন্বয় করেন।

বৃহস্পতিবার রাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন ৬৯ বছর বয়সী সুসি ওয়াইলস। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি এখন ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে যুক্ত হবেন।

ফ্লোরিডার অভিজ্ঞ এই রাজনৈতিক সংগঠক হোয়াইট হাউসের ইতিহাসে প্রথম নারী চিফ অব স্টাফ ছিলেন। কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেছিলেন। ট্রাম্পের আগের কয়েকজন শীর্ষ সহযোগীর তুলনায় তাঁর পরিচালিত কার্যক্রমকে বেশি শৃঙ্খলাপূর্ণ বলে মনে করা হতো।

চলতি বছরের শুরুর দিকে প্রাথমিক পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা নেওয়ার সময়ও দায়িত্বে বহাল ছিলেন ওয়াইলস। ট্রাম্পের নীতির খুব একটা বিরোধিতা না করলেও প্রায়ই বিশৃঙ্খল পরিস্থিতিতে চলা হোয়াইট হাউসের কার্যক্রমে শৃঙ্খলা এনেছিলেন তিনি। তাঁকে সেখানে যুক্তিসংগত পরামর্শ দেওয়ার মতো একজন কণ্ঠ হিসেবেও দেখা হতো। তাঁর বিদায়ের পর এখন প্রশ্ন উঠেছে, হোয়াইট হাউসে তাঁর মতো ভূমিকা কে পালন করবেন।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ট্রাম্প চারজন চিফ অব স্টাফ পরিবর্তন করেছিলেন, যা অস্বাভাবিকভাবে বেশি। ওই কর্মকর্তারা অনেকে মনে করতেন, অনিশ্চিত ও খামখেয়ালি আচরণের জন্য পরিচিত প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণে রাখতে তাঁরা হিমশিম খেয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। ফলে আগামী জানুয়ারি থেকে কংগ্রেসে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা ও তাঁর প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নজরদারির সুযোগ বাড়বে ডেমোক্র্যাটদের। বিশেষ করে ইরান যুদ্ধ, শুল্কনীতি ও অভিবাসন নিয়ে ট্রাম্প প্রশাসনকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হতে পারে।

তবে নির্বাচনে জিতলেও ট্রাম্পের সব সিদ্ধান্ত বন্ধ করার ক্ষমতা পাচ্ছে না ডেমোক্র্যাটরা। কারণ, কোনো আইন পাসের পর প্রেসিডেন্ট তাতে ভেটো দিলে সেই সিদ্ধান্ত বাতিল করতে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। ডেমোক্র্যাটদের হাতে এত আসন নেই।

বুধবার (৪ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়—গত বছর প্রায় ৯০টি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর যুক্তিতে নেওয়া এ পদক্ষেপ বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করে। গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট শুল্ক আরোপের ওই সিদ্ধান্ত বাতিল করলেও বিকল্প আইনি ব্যবস্থায় নতুন করে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। পরে শুল্কের হার ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। তবে এসব শুল্কের মেয়াদ ১৫০ দিন, যা বাড়াতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

ডেমোক্র্যাটদের অভিযোগ, শুল্কের কারণে আমদানি ব্যয় বেড়ে শেষ পর্যন্ত সাধারণ মার্কিন ভোক্তাদের ওপরই চাপ তৈরি হচ্ছে। নতুন কংগ্রেস রপ্তানিকারকদের সাময়িক স্বস্তি দিতে কিছু পণ্যে শুল্ক ছাড়ের উদ্যোগ নিতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সামগ্রিক বাণিজ্যনীতিতে বড় পরিবর্তনের জন্য ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।