যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করার প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের এ প্রস্তাবকে ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।
সোমবার (০৯ নভেম্বর) ইরানি সাংবাদিকদের বাঘায়ি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তি হলে অবশ্যই গত জুনে হওয়া ইসলামাবাদ চুক্তিতে থাকা দুই পক্ষের সম্মত হওয়া মূল শর্তগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে।
ওই চুক্তিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা এবং মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল।
বাঘায়ি বলেন, ‘অপর পক্ষ যদি সত্যিকার অর্থে সামান্যতম আন্তরিকতাও দেখায়, তাহলে ইরান দুই দিনের মধ্যেই নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে। নিজেদের অঙ্গীকার পূরণে আমরা যে আন্তরিক, তা ইতিমধ্যে প্রমাণ করেছি।’
নির্বাচনে ভরাডুবির পর নিজের ‘কঠোর অভিবাসন নীতি’কে দুষলেন ট্রাম্প
এর আগে কয়েক সপ্তাহের মধ্যেই আগের যুদ্ধবিরতি ভেঙে পড়ে। ইরানের অভিযোগ ছিল, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের শামিল।
এদিকে রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে শিগগিরই কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্য করেন। তেহরানের দাবিগুলোকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প প্রশাসন প্রাথমিক শান্তিচুক্তির অংশ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শর্ত মেনে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। তবে তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে, যুদ্ধ ও হুমকি বন্ধ হওয়ার পরই কেবল এ বিষয়ে আলোচনা শুরু হতে পারে।
সূত্র : সিবিএস নিউজ