গাজা উপত্যকায় ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে ৭০ হাজারের বেশি তাঁবু। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। পানিতে ভিজে নষ্ট হচ্ছে বিছানা, কম্বল, খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী। শীত ও বৃষ্টির মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজার হাজার পরিবার।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (৭ নভেম্বর) রাতে গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদা এলাকায় জাবের আল-কাসিহের তাঁবুতে পানি ঢুকে পড়ে। এতে ঘুম ভেঙে যায় তার পরিবারের সদস্যদের। মুহূর্তেই ভিজে যায় বিছানা, কার্পেট ও খাবার। জাবের বলেন, তাঁবুর বাইরের পুরো এলাকা সুইমিংপুলের মতো হয়ে গেছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) রাত থেকে ভারী বৃষ্টিতে ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয়েছে। কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষ বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় আশ্রয় নিয়েছেন।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় ৬০ হাজার অস্থায়ী আবাসন ও দুই লাখ তাঁবু প্রবেশের কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ২০ হাজার তাঁবু প্রবেশের অনুমতি পেয়েছে। অনেক অস্থায়ী ঘর এখনো মিসর সীমান্তে আটকে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গাজায় বন্যা পরিস্থিতির অবনতি, বিপর্যয়ের আশঙ্কা সিভিল ডিফেন্সের
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) হিসাব অনুযায়ী, গাজায় প্রায় ১ লাখ ২১ হাজার তাঁবু এবং ৫ লাখ ৬১ হাজার ত্রিপল প্রয়োজন। কিন্তু সরবরাহ রয়েছে প্রয়োজনের তুলনায় অনেক কম।
বাস্তুচ্যুত নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে। জিহাদ দাওয়াস নামে এক ফিলিস্তিনি জানান, বৃষ্টিতে তার সন্তানদের বিছানা ভিজে যাওয়ায় তারা দাঁড়িয়ে রাত কাটিয়েছে। সকালে কয়েকজন শিশু ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে।
এদিকে মানবাধিকার সংগঠনের অভিযোগ, ইসরায়েলি বিধিনিষেধের কারণে তাঁবু, ক্যারাভান ও জরুরি আশ্রয় উপকরণ সীমান্তে আটকে রয়েছে। ফলে যুদ্ধবিরতির পরও গাজার লাখো মানুষের আবাসন সংকট কাটেনি।
সূত্র: আল জাজিরা