• ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফ্রান্সের মার্সেই শহরে মাদক কারবার বিস্তার ঘটাতে শিশু-কিশোরদের নিয়োগ করছে ভয়ংকর অপরাধী চক্রগুলো

Usbnews.
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬
ফ্রান্সের মার্সেই শহরে মাদক কারবার বিস্তার ঘটাতে শিশু-কিশোরদের নিয়োগ করছে ভয়ংকর অপরাধী চক্রগুলো
নিউজটি শেয়ার করুনঃ

ফ্রান্সের মার্সেই শহরে মাদক কারবার বিস্তার ঘটাতে শিশু-কিশোরদের নিয়োগ করছে ভয়ংকর অপরাধী চক্রগুলো। প্রথমে সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে তাদের মাদক বিক্রিতে যুক্ত করা হচ্ছে। পরে অপহরণ, নির্যাতন এমনকি হত্যাকাণ্ডেও ব্যবহার করা হচ্ছে তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে ফ্রান্সের বিভিন্ন শহর থেকে কিশোরদের সংগ্রহ করছে এসব চক্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মাদক সাম্রাজ্যের ভয়াবহ এই চিত্র।

প্রতিবেদনে বলা হয়, মার্সেইয়ের ফ্রেইস-ভালোঁ আবাসিক এলাকায় ২০২২ সালে এক মাদক বিক্রেতার কাছ থেকে গাঁজা কেনেন এক নারী। মাদকের সঙ্গে বিক্রেতা তাঁকে একটি চিরকুটও দেন। তাতে লেখা ছিল, ‘আমাদের বন্দী করে রাখা হয়েছে। সাহায্য প্রয়োজন। আমাদের বয়স ১৫ বছর।’

ওই কিশোরসহ আরও একজনকে মাদক চক্রের সদস্যরা আটকে রেখেছিলেন। প্রথমে অর্থ উপার্জনের আশায় তারা চক্রটিতে যোগ দিয়েছিল। একজনের দায়িত্ব ছিল অর্থ সামলানো, অন্যজন মাদক বিক্রি করত। কিন্তু বিক্রির টাকার হিসাব নিয়ে সন্দেহ তৈরি হলে তাদের ওপর শুরু হয় নিয়মিত নির্যাতন। ক্যামেরার সামনে নগ্ন হয়ে নাচতে বাধ্য করে ব্ল্যাকমেলও করা হয়। একজনকে ধর্ষণ করা হয়। পরে পালানোর চেষ্টা করলে একজনকে ধরে মারধর ও ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, মার্সেইয়ের সবচেয়ে শক্তিশালী অপরাধী সংগঠন ‘ডিজেড মাফিয়া’ এখন শিশু-কিশোরদের নিয়োগের মাধ্যমে নিজেদের অপরাধের পরিধি বাড়াচ্ছে। ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বিবৃতি প্রকাশ করে নিজেদের পরিচিতিকে অপরাধী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে সংগঠনটি। আলজেরিয়ায় আটক সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা ফরাসি-আলজেরীয় নাগরিক মেহদি লারিবি।

ফ্রান্সের মাদকবিরোধী ইউনিটের প্রধান দিমিত্রি জুলাসের তথ্যমতে, দেশটিতে কোকেন ব্যবহারকারীর সংখ্যা ২০১৭ সালের ছয় লাখ থেকে বেড়ে প্রায় ২০ লাখে পৌঁছানোর পথে। মাদক পাচারের মাধ্যমে বছরে প্রায় ৭০০ কোটি ইউরো আয় হয়। এ কারবারে জড়িত প্রায় দুই লাখ মানুষ। ২০২৫ সালে মাদক পাচারের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে ১০ হাজারের বেশি শিশু।

মাদক চক্রের নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে সাবেক সদস্য ২০ বছর বয়সী ক্যামিল জানান, তরুণদের মনস্তত্ত্ব বুঝে তাদের চাহিদা পূরণের প্রতিশ্রুতি দেয় চক্রগুলো। দামি গাড়ি, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, মাদক ও যৌনসঙ্গীর প্রলোভন দেখানো হয়। একবার চক্রের প্রতি আনুগত্য তৈরি হলে বেরিয়ে আসা কঠিন। দুর্বলতা খুঁজে পেলে সেটিকেই কাজে লাগিয়ে সদস্যদের নিয়ন্ত্রণ করা হয়।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারাগারে থাকা ডিজেড মাফিয়ার সদস্য আদম (ছদ্মনাম) বিবিসিকে জানান, নিজের নির্মমতা ও নির্দয় আচরণের কারণে তিনি চক্রের ওপরের দিকে উঠে গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি বলেন, হত্যা কখনো প্রকাশ্য দিবালোকে, কখনো যানজটের মধ্যে সংঘটিত হয়েছে। এসব ঘটনায় আংশিক অপরাধবোধ থাকলেও অনুশোচনা নেই বলে দাবি করেন তিনি।

এই অপরাধের নির্মম শিকার ১৫ বছর বয়সে বাড়ি ছেড়ে পালানো হুগো। ফ্রান্সের উত্তরাঞ্চলের নর্দ বিভাগের বাসিন্দা হুগো ২০২৩ সালে মার্সেইয়ে রেস্তোরাঁয় কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। তিন সপ্তাহ পর তাঁর মাকে চিকিৎসক ফোন করে জানান, হুগোর মাথায় গুলি লেগেছে। পুলিশ ধারণা করছে, মাদক চক্রের নিয়ন্ত্রিত এলাকা থেকে তাকে চিকিৎসার জন্য আনা হয়েছিল। যে রেস্তোরাঁয় কাজের কথা বলেছিলেন হুগো, সেখানে তাঁর নামে কোনো নিয়োগের তথ্যও পাওয়া যায়নি।

ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চালক, মাদক পরিবহনকারী ও খুনির চাকরির বিজ্ঞাপন দিয়ে কিশোরদের আকৃষ্ট করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আকর্ষণীয় ছবি ব্যবহার করে এসব বিজ্ঞাপন ছড়ানো হয়। প্যারিস, নঁত ও লিলের মতো শহর থেকেও তরুণদের মার্সেইয়ে নিয়ে আসা হচ্ছে।

পুলিশের হিসাবে, ২০২৪ সাল থেকে ডিজেড মাফিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় এক হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে পাঠানো হয়েছে ৬০০ জনকে। তবে অপরাধী চক্রগুলোর বিস্তার ঠেকানো কঠিন হয়ে উঠছে। ফ্রান্সের সংগঠিত অপরাধবিরোধী ইউনিটের প্রধান থিবো ফঁতেনের ভাষায়, অপরাধের পূর্ব অভিজ্ঞতা নেই, এমন দুর্বল তরুণদের সহজেই প্রলোভনে ফেলে অপরাধের জগতে ঠেলে দিচ্ছে চক্রগুলো।

মাদক কারবারের এই বিস্তার শুধু অপরাধ নয়, জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি বলে মনে করছেন কর্মকর্তারা। এর সঙ্গে বাড়ছে সড়ক দুর্ঘটনা, পারিবারিক সহিংসতা, হতাশা, আত্মহত্যা ও মাদকের অতিমাত্রাজনিত মৃত্যু। প্রতিবছর ফ্রান্সে মাদকের অতিমাত্রাজনিত কারণে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।