হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২৮৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগেই সর্বাধিক তিনজন এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে রোগী রয়েছে।
অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬১০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৬ জন রোগী। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জনে।