জ্যেষ্ঠতা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান হওয়ার কথা ছিল সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীর। দীর্ঘদিনের শিক্ষকতা, শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক কিংবা দায়িত্ব পালনের যোগ্যতা কোনোটিই প্রশ্নের মুখে ছিল না।
কিন্তু শেষ পর্যন্ত তাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি। তাকে বঞ্চিত করা হয়েছে জুলাইবিরোধী আখ্যা দিয়ে। যদিও শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, তার জুলাইবিরোধী কোনো অবস্থানের তথ্য নেই।
ভুক্তভোগী শিক্ষকসহ বিভাগের অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই অজ্ঞাতনামা একটি চিঠিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে জুলাইবিরোধী অবস্থান, শিক্ষার্থীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে অবস্থানের অভিযোগ তোলা হয়েছে। এমনকি তাকে চেয়ারম্যান করা হলে শিক্ষার্থীরা মব সৃষ্টি করতে পারে এমন আশঙ্কাও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।
অথচ এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ সামনে আসেনি। বরং ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে তার প্রকাশ্য অবস্থানের তথ্য ও বক্তব্য সামনে এনেছেন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা।
গত ১১ নভেম্বর বিভাগের চেয়ারম্যান হিসেবে সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদের দায়িত্বের মেয়াদ শেষ হয়। এরপর জ্যেষ্ঠতা অনুযায়ী বিভাগটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার কথা ছিল ড. হাদীর।
কিন্তু তাকে দায়িত্ব না দিয়ে কলা অনুষদের ডিন এবং একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবুল কালাম সরকারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি দায়িত্বভারও গ্রহণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো চিঠিতে জানানো হয়, উপাচার্য তাকে ১২ নভেম্বর থেকে নিজের দায়িত্বের অতিরিক্ত হিসেবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি অনুযায়ী, সাধারণত জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। বিশেষ পরিস্থিতিতে, যেমন অনাকাঙ্ক্ষিত শূন্যতা, মৃত্যু কিংবা সিন্ডিকেটের সিদ্ধান্তে সাময়িক ব্যবস্থা হিসেবে ডিনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এ ক্ষেত্রে জ্যেষ্ঠ শিক্ষককে বাদ দিয়ে ডিনকে দায়িত্ব দেওয়ার পেছনে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ড. হাদীর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাইয়ে বিভাগের শিক্ষক, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাদের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি আন্দোলনবিরোধী কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছেন কিংবা শিক্ষার্থীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছেন এমন কোনো তথ্য বা প্রমাণ তারা পাননি।
বরং ২০২৪ সালের ১৮ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়ে একটি স্ট্যাটাস দেন ড. হাদী। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে তার বক্তব্য ছিল, ‘তোমাদের যেকোনো সমস্যায় আমি পাশে আছি।’ একই দিনে দেওয়া আরেকটি ভিডিও বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক সমাধান এবং প্রাণহানি বন্ধের দাবি জানাতেও দেখা যায় তাকে।
এ ছাড়া ২৮ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত ইরানে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে ছিলেন ড. হাদী। সেখান থেকেও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তাদের পক্ষে অবস্থান নিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
‘কোনো অভিযোগ জানানো হয়নি, হঠাৎ শুনলাম তালিকায় নাম’

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং চেয়ারম্যানের দায়িত্ব না পাওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমকে ড. হাদী জানালেন, তাকে কেন দায়িত্ব দেওয়া হবে না, সে বিষয়ে কোনো লিখিত চিঠি বা আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি। গত ৩ নভেম্বর ইরাকে একটি আমন্ত্রণমূলক সেমিনারে অংশ নিতে ছুটির আবেদন করার দিনই প্রথম তিনি নিজের বিরুদ্ধে অভিযোগ থাকার কথা জানতে পারেন।
এই শিক্ষক বললেন, ‘সেদিনই প্রথম আমাকে জানানো হয়, আমার বিরুদ্ধে অভিযোগ আছে। একটি তালিকায় নাম রয়েছে। কিন্তু কোন তালিকা, কী অভিযোগ—এসব কিছুই আমাকে জানানো হয়নি। পরে উপ-উপাচার্য আমাকে এনওসি দেন। প্রোগ্রাম শেষ করে ১০ নভেম্বর ক্যাম্পাসে ফিরি।’
‘গতকাল একাডেমিক কমিটির মিটিং ছিল। আমি জানতাম, আমার দায়িত্ব নেওয়ার কথা। চেয়ারম্যান হিসেবে আমার নিয়োগপত্র ইস্যু হওয়ার কথা। কিন্তু পরে দেখি, আমার পরিবর্তে ডিনের নামে চিঠি ইস্যু হয়েছে। তিনিই দায়িত্ব নেবেন,’ যোগ করেন ড. হাদী।
কী কী অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে বলতে গিয়ে ড. হাদী বললেন, ‘পরে জানতে পারি, আমার বিরুদ্ধে নাকি উড়ো চিঠি এসেছে। যেখানে কারও কোনো সই নেই। বলা হয়েছে, জুলাইয়ের সময় আমি শিক্ষার্থীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছি। কথা বলেছি জুলাইয়ের বিপক্ষে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পক্ষে আমার অবস্থান রয়েছে।’
‘এমনকি আমাকে চেয়ারম্যান করা হলে শিক্ষার্থীরা মব করবে—এমন কথাও বলা হয়েছে। উপাচার্য স্যারকেও এসব বোঝানো হয়েছে,’ বললেন তিনি।
এই শিক্ষক আরও বলেন, ‘গত দুই বছরে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। সিন্ডিকেটে কোনো অভিযোগ ওঠেনি, কোনো শিক্ষার্থী আমার বিরুদ্ধে অভিযোগ করেনি, কোনো শিক্ষকও আমার বিরুদ্ধে ছিলেন না। হঠাৎ করে আমাকে এসব অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে।’
‘কেউ প্রমাণ করতে পারবে না যে আমি এসবের সঙ্গে জড়িত’, দাবি এই শিক্ষকের।
জুলাইয়ে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন বলে জানালেন ড. হাদী। বললেন, ‘জুলাইয়ের সময় আমি প্রকাশ্যে শিক্ষার্থীদের পক্ষে স্ট্যাটাস দিয়েছি, বক্তব্য দিয়েছি। ইরানে থাকা অবস্থাতেও শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।’
নিজের প্রতি এ ঘটনাকে অন্যায় উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের জুলুম আমি মেনে নেব না। আমি আইনি ব্যবস্থা নেব। শিক্ষক ও শিক্ষার্থীরাও জানিয়েছেন, তারা আমার সঙ্গে আছেন। এ বিষয়ে আমি আইনজীবীর সঙ্গে কথা বলেছি।’