আসিফ মাহমুদ ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন – কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোজাম্মেল হক জানিয়েছেন নুসরাত তাবাসসুমের বাড়িতে গত পরশু কোনো শর্ট সার্কিটের ঘটনা ঘটেনি। অথচ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারী আগুন সন্ত্রাসীদের দায়মুক্তি দিয়েছিলেন এই শর্ট সার্কিটের দোহাই দিয়ে।
উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য। তাঁর বাবা আবদুল হালিম টম স্থানীয় বাগোয়ান কেভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পৈতৃক বাড়িতে আগুন: রাজনৈতিক নাশকতা মনে করছেন এমপি নুসরাত তাবাসসুম
ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছেন এই সংসদ সদস্য। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার পর দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।সংবাদ বিশ্লেষণ
ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান নুসরাত তাবাসসুম। বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নুসরাত তাবাসসুম বলেন, ‘বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করছি, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। আমার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছি। ওই বাড়িতে আমার পরিবারের কেউ বসবাস করেন না। বাড়ির কেয়ারটেকারের পরিবার সেখানে থাকত। এ ছাড়া বাড়ির ভেতরেই আমার একটি খামার ছিল।’রাজনৈতিক খবর পড়ুন
নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম টম রাতের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা রাতের খাবার খেয়ে বসে গল্প করছিলাম। এর মধ্যে বিকট শব্দে আমাদের ঘরের জানালা কেঁপে ওঠে। পরে আগুন লাগার বিষয়টি জানতে পারি। আগে আমরা ওই বাড়িতেই থাকতাম। এটি আমাদের পৈতৃক বাড়ি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’

বাড়িটিতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম সাবান বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি বিকট শব্দ শোনার পর দেখি ঘরে আগুন লেগেছে। পরে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে আমার পরিবারের সবকিছু পুড়ে গেছে। এখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতাম।’
নুসরাতের খামার দেখাশোনার দায়িত্বে থাকা জালাল হোসেন বলেন, খামারে ৯টি বড় গরু, ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ছিল। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় গবাদিপশুগুলো বের করে আনা হয়। তবে অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত টিনশেড বাড়িটির পাশেই রয়েছে তিনতলা একটি ভবন। ওই ভবনের তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে আগুন ওই ভবনে ছড়ায়নি।
এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এটি নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
তবে বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি নাশকতা কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে ধরে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, চারটি পেট্রলবোমা মেরে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড ও আধাপাকা ঘরে আগুনের ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে ২০ মিটার দূরে তাঁর বাবা-মা তিনতলা একটি বাড়িতে থাকেন। আগুন লাগার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। সেখানে দুটি ছাগল এবং কিছু জিনিসপত্র ছিল।
এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্ত নিয়ে সংশয়, আলাদা তদন্ত করবে বিরোধী দল

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছে বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদল। তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা তাদের। এ ঘটনায় প্রকৃত তথ্য উদ্ঘাটনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে আলাদাভাবে তদন্তের ঘোষণাও দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা। দলের নেতৃত্ব দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহমুদা মিতু, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তাঁরা বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাননি। অথচ তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আগুনের কারণ হিসেবে শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলেছেন। এতে তদন্ত কমিটি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আব্দুল্লাহ আল আমিন আরও জানান, বিরোধী দলের সংসদ সদস্যরা আলাদাভাবে ঘটনাটি পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করবেন এবং প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরবেন। একই সঙ্গে আওয়ামী লীগকে মোকাবিলায় সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মাহমুদা মিতু বলেন, বাড়িটিকে পরিত্যক্ত বলা হলেও সেখানে মানুষের বসবাসের প্রমাণ রয়েছে। শিশুদের পড়ার টেবিল, বইপত্র, খাবার ও রান্নার সরঞ্জাম তাঁরা দেখেছেন। তাঁর দাবি, বাড়িটিতে সাতজন মানুষ বসবাস করতেন।
সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই আগুনের সম্ভাব্য কারণ নিয়ে বক্তব্য দেওয়া তদন্তের ওপর চাপ তৈরির শামিল। তিনি প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
নুসরাত তাবাসসুম বলেন, মামলা করার সময় একজন আসামির অবস্থান মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য অতিরিক্ত পুলিশ সুপারকে জানানো হয়েছিল। তবে এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।
সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: নাহিদ

সংসদ সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ব্যক্তি ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদের জানিয়ে দিক।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে এসব কথা বলেন তিনি।
তবে প্রশ্নোত্তর পর্ব শেষে আলোচনার পরামর্শ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ নিয়ে স্পিকারের সঙ্গে কিছুক্ষণ কথা-কাটাকাটি হয় নাহিদের।
নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের নিজেদের পথ দেখতে হবে। আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও ফ্যাসিবাদী শক্তির দ্বারা আক্রান্ত হবে। তারা এতটাই নৃশংস।’
আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাব দেখা যাচ্ছে মন্তব্য করে নাহিদ বলেন, এ বিষয়ে সরকারের কাছ থেকে সুস্পষ্ট জবাব আশা করেন তাঁরা।
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিবরণ দিয়ে নাহিদ ইসলাম বলেন, গতকাল বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে তাঁর বাড়িতে চারটি পেট্রলবোমা মেরে আগুন দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, সেখানে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি। কিন্তু তিনি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে জেনেছেন, দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক দল যায়নি। তাহলে ওসি কীভাবে এ মন্তব্য করলেন, সেই প্রশ্ন তোলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সারা দেশে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে পতিত ফ্যাসিবাদী শক্তি। এর প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট। গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। সারা দেশে মুহুর্মুহু পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে না? অথচ গতকাল সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন।’
এর আগে, আজ সংসদের বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি তুলে ধরতে চান নাহিদ ইসলাম। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রশ্নোত্তর পর্ব শেষ হলে এ বিষয়ে আলোচনা করা যাবে।
পৈতৃক বাড়িতে আগুন: আওয়ামী লীগকে দায়ী করে এমপি নুসরাত বললেন—হামলা পরিকল্পিত

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি। তাঁর অভিযোগ, ঘটনার আগে থেকেই তাঁকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম। তিনি জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি নম্বর থেকে ফোন করে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরে আরও কয়েকটি নম্বর থেকে হুমকি আসে। এ ঘটনায় ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তবে জিডি করার পরও হুমকি দেওয়া বন্ধ হয়নি।
নুসরাত তাবাসসুমের দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর ধারণা, বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে।
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: চার সদস্যের তদন্ত কমিটি, তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে তারা তদন্ত কার্যক্রম শুরু করেছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই কমিটি তদন্তকাজ শুরু করেছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) বা ডিডিএলজি আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ও কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
নুসরাতের বাড়িতে হামলার নিন্দা জামায়াত আমিরের
নসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।
ফেসবুকের ওই পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।’
এ হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, ‘অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’