• ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ইরান ইস্যুতে বৈঠক করতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬
ইরান ইস্যুতে বৈঠক করতে ওয়াশিংটনে মোসাদপ্রধান
নিউজটি শেয়ার করুনঃ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে অবস্থান করছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন, তখন এ সফর করছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আজ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করবেন গোফম্যান। এছাড়া ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করতে তার মায়ামি যাওয়ার কথা রয়েছে।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা চালিয়ে আসছেন নেতানিয়াহু। তবে ট্রাম্প জানিয়েছেন, আপাতত সামরিক হামলার সম্ভাবনা কম। তার পছন্দ হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইরানের বন্দর অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ অব্যাহত রাখা।

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যুদ্ধবিরোধী পক্ষগুলো তাকে এই উদ্যোগ থেকে বিরত রাখার চেষ্টা করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ‘নেতানিয়াহু ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন যুদ্ধ পুনরায় শুরুর তাগিদ দিতে। তবে হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যারা যুদ্ধ চায় না, তারা এর বিরোধিতা করার চেষ্টা করছে।’

ওই ব্যক্তি আরও বলেন, ‘আঞ্চলিক নেতারা ট্রাম্পকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন।’

এর আগে ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন।

ট্রাম্পের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন এর কয়েক ঘণ্টা আগেই তিনি জানিয়েছিলেন, তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না। তবে কোন কোন উপসাগরীয় দেশ হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প।

সূত্র : টাইমস অব ইসরায়েল