গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কু’পিয়ে জ’খম , লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব: পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. আইয়ুব আলী জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে মিছিল ও বিক্ষোভ করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার তাদের লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, ঢাল-সুড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংসতার ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
পরে শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা ওই মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে। সর্বশেষ রোববার বিকেলে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহরে বিক্ষোভ চলে। বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়ায়ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীদের অনেকের কাছে দা, রামদা, কাতরা, ফুলকুচিসহ দেশীয় অস্ত্র এবং লাঠি দেখা গেছে।
বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দেন। শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ ও এফএনএফ সুপার শপের কাচ ভাঙচুর করা হয়।
গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর কলেজটির নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার সরিয়ে সেখানে মুক্তিযোদ্ধা চত্বরের ব্যানার লাগানো হয়।
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের সময় তিন বিএনপি-সমর্থক ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


ছবি: মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে পুলিশের গাড়িতে আগুন দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বিএনপির কার্যালয়ে আগুন জ্বলছে।
গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব: পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর

গোপালগঞ্জ জেলা শহরে দিনভর রীতিমতো তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় লগি–বৈঠা, রাম দা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন অংশে তাদের মিছিল ও বিক্ষোভ করতে দেখা যায়। এসব মিছিল চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় এই পরিস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করতে থাকেন। শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় একত্রিত হয়ে বেলা ১২টার দিকে নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে একযোগে মিছিল বের করেন। মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘোরে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন এবং আওয়ামী লীগ ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।
মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীকেও অংশ নিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
অন্যদিকে বিক্ষুব্ধরা গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে আগের রাম ‘জয় বাংলা চত্বর’ পুনঃস্থাপন করেন।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। এরপর তারা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা কমিটির কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয় খুলে তারা উল্লাস করেন।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বললেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
তাছাড়া শনিবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। একই রাতে বর্ণি বাজারেও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এদিকে ওই সব আগুন ও ভাঙ্চুরের পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করে দুর্বৃত্তরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দিনভর তাণ্ডবের পর গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি

এদিকে এই পরিস্থিতির মধ্যে রোববার গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এদিন উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।