গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দিনভর চলা তাণ্ডবের বিষয়ে গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী বলেছেন, ‘সারা দেশ থেকে আওয়ামী লীগের যত ক্যাডার অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে সব এখন টুঙ্গিপাড়াতে অবস্থান করছে।’
তার বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি
রোববার (১৫ নভেম্বর) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন এমপি এস এম জিলানী।
তিনি জানান, লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করে ব্যাপক তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শঙ্কা প্রকাশ করে এস এম জিলানী বলেন, ‘আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে এমনকি লাইভেও এ কথা তারা বলছে। রাষ্ট্রের উচ্চ পর্যায়ের আমরা জানিয়েছে তারা বলছে ব্যবস্থা নেবে। এখন আমি তো আইন হাতে তুলে নিতে পারি না। আমরা কর্মীদের বললে তো তারাও সস্ত্র অবস্থায় যাবে তখন তো মানুষ মারা যাবে।’
তিনি বলেন, ‘সেচ্ছাসেবক দলের জসিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পুলিশরা ওখানে ভেঙে পড়েছে। এখন পুলিশ সরকারি স্থাপনাগুলোকে রক্ষা করার চেষ্টা করছে।’
বিএনপি গণতান্ত্রিক দল তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে মানুষ হত্যা করতে পারে না বলেও জানান তিনি। এমপি বলেন, ‘গণতান্ত্রিক সরকার পুলিশ দিয়ে গুলি চালিয়ে মানুষ হত্যা করতে পারে না।’
গোপালগঞ্জ-৩ আসনের এমপি বলেন, ‘জাতি দেখছে যে আওয়ামী লীগ কত নৃশংস, আগেও করছে এখনও করছে। এখন টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দিচ্ছে। শুধু যে দলীয় কার্যালয়ে তা নয়, বাজারে অনেক নিরীহ দোকনদারের দোকানেও আগুন দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এটিই প্রথম গোপালগঞ্জে প্রকাশ্য বিক্ষোভ মিছিল। এতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
এরপর তারা লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করে ব্যাপক তাণ্ডব চালায়।