• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে , গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬
আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে , গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির
নিউজটি শেয়ার করুনঃ

গোপালগঞ্জে ধারাবাহিকভাবে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতি প্রতিরোধে আর বসে থাকার সময় নেই। এর প্রতিকার অবশ্যই করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধি অনুসারে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্ধারিত আলোচনায় যাওয়ার আগে সদ্য পাওয়া একটি উদ্বেগজনক তথ্য সংসদকে জানানো জরুরি মনে করছেন তিনি। গত কয়েক দিন ধরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলায় অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মঙ্গলবার ওই জেলার টুঙ্গিপাড়া থানায় মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাট করা হয়েছে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে বলে তিনি জানান।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম পুলিশের কোনো সূত্রের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছেন। গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। সেখানে কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে এমন পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ হিসেবে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। তিনজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে। তবে এর বাইরে আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ রয়েছে। ফলে দেশের একটি বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে। সংসদে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে আশ্বাস চান তিনি। নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মান এবং রাষ্ট্রীয় সম্পদ, জনবল ও স্থাপনা সুরক্ষায় সরকার কী উদ্যোগ নিয়েছে, তা জানতে চান।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। সরকারের কাছেও এ তথ্য থাকার কথা। বাস্তবে এমন কিছু না ঘটলে তা ভালো হবে। তবে কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় আগুন দেওয়া হবে এবং কোথায় লুটতরাজ চালানো হবে, সে বিষয়ে আগাম ঘোষণা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এমন পরিস্থিতির মধ্যেও সরকার ও সংসদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অথচ এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে

জাতিকে আশ্বস্ত করতে এবং সংসদকে অবহিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। অনেকে তথ্য-উপাত্ত দিয়ে সমস্যার পাশাপাশি সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেছেন। উপস্থাপিত তথ্য যথাযথ হোক, সেটিই তিনি প্রত্যাশা করেন।

তিনি বলেন, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির প্রাণ। দেশের বৈদেশিক মুদ্রার প্রায় ৮০ শতাংশ এ খাত থেকে আসে। এ খাত থেকে বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আয় হয়। এর পরের অবস্থানে রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।

গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে উল্লেখ করে তিনি বলেন, এ শিল্পে বিপর্যয় দেখা দিলে উদ্যোক্তা ও মালিকপক্ষ ক্ষতিগ্রস্ত হবেন। তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবেন না। এতে ব্যাংকিং খাতও ক্ষতিগ্রস্ত হবে। ব্যাংক ঋণের কিস্তি ফেরত না পেলে অর্থের প্রবাহ বাধাগ্রস্ত হবে।

জামায়াত আমির বলেন, শিল্পমালিকেরা উৎপাদন চালু রাখতে না পারলে শ্রমিকদের প্রাপ্য পরিশোধ করতে পারবেন না। একপর্যায়ে কারখানায় লে-অফ ঘোষণা করতে হবে। এতে আবারও বিশৃঙ্খলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কা তৈরি হবে। এমন পরিস্থিতিতে মালিক, শ্রমিক কিংবা দেশের কারও লাভ হবে না; বরং সবাই ক্ষতিগ্রস্ত হবেন।

শ্রমিকদের কর্মসংস্থান হারানোর আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, বিপুলসংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারালে তারা কোথায় যাবেন? এ মুহূর্তে তাদের হাতে কাজ তুলে দেওয়ার মতো সুযোগ বাংলাদেশের আছে কি না, তা বিবেচনা করা প্রয়োজন। এমন সুযোগ না থাকলে সামাজিক অস্থিরতা তৈরি হবে, যার প্রভাব পুরো জাতির ওপর পড়বে। তাই এ খাতকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।

গার্মেন্টস খাতের সমস্যা সমাধানে সরকার এককভাবে ব্যর্থ হলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকার যদি এ খাতের সমস্যা সমাধানে এককভাবে ব্যর্থ হয়, তাহলে তা দেশের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। এ বিপর্যয় থেকে বাঁচতে চান তারা। সরকার প্রস্তাবটি গ্রহণ করবে কি না, সেটি সরকারের বিষয় হলেও সহকর্মীর দেওয়া প্রস্তাবের প্রতি সমর্থন জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সবার। এ দায়িত্ব পালনে সরকারি দল, বিরোধী দল, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এমন উদ্যোগ নেওয়া হলে বাইরে থেকে যারা উসকানি ও প্ররোচনা দিচ্ছে, তাদের কাছেও একটি বার্তা পৌঁছাবে। তার বিশ্বাস, এ বার্তা অস্থিরতা প্রশমনে কার্যকর হবে।

জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাই একসঙ্গে কাজ করলে মালিক ও শ্রমিক উভয় পক্ষের মধ্যে আস্থা ফিরে আসবে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে আস্থাহীনতার কঠিন পরিস্থিতি বিরাজ করছে।

গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনার প্রস্তাব দিয়ে জামায়াত আমির বলেন, তৈরি পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত এবং মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ এ খাতের আওতাভুক্ত। প্রতিবেশী দেশেও এ ধরনের চর্চা রয়েছে। সেখানে বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের সরকার সরাসরি আর্থিক প্রণোদনা দেয়।

তিনি বলেন, শিল্পমালিকেরা উৎপাদন বাড়াতে না পারলে কিংবা লাভের মুখ দেখতে না পারলে এ শিল্প চালু রাখবেন কীভাবে? তাই মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই রক্ষা করা প্রয়োজন। মজুরি বোর্ড গঠনকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় তার প্রস্তাবটি বিবেচনায় নেওয়া হলে সবাই মিলে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, অস্থিরতা একটি জায়গায় সীমাবদ্ধ থাকবে, এমন ধারণার কোনো কারণ নেই। একজন চিকিৎসক হিসেবে তিনি জানেন, বিষফোঁড়ার জীবাণু রক্তে ছড়িয়ে পড়লে তা পুরো শরীরে ছড়িয়ে যায়। তাই জীবাণু রক্তে ছড়িয়ে পড়ার আগেই সমস্যাটির সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে বহু নাগরিক, দেশপ্রেমিক ও নিরীহ মানুষ বসবাস করেন। তাদের রক্ষা করা সরকার ও সবার সম্মিলিত দায়িত্ব। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা দেশকে ভালোবাসলে সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করতে বা মানুষের জীবন কেড়ে নিতে পারে না। এভাবে আগাম ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালানোরও সুযোগ নেই। এ বিষয়ে আর বসে থাকার সময় নেই। এর প্রতিকার অবশ্যই করতে হবে বলে দাবি জানান তিনি।