• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা , আলোচনায় বসছে কাতার

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা , আলোচনায় বসছে কাতার
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসছে কাতার। এদিনই বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।

তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার ইরানি পক্ষের সঙ্গে বৈঠক হবে।

আনসারি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের মধ্যে যেসব যোগাযোগ হয়েছে, সেগুলোর ধারাবাহিকতায় এই আলোচনা অনুষ্ঠিত হবে। যুদ্ধের অবসানে একটি সমঝোতায় পৌঁছানো এবং দুই পক্ষের মতপার্থক্য কমিয়ে আনাই আলোচনার লক্ষ্য।

তবে বৈঠকটি কাতারের রাজধানী দোহা, ইরানের রাজধানী তেহরান নাকি অন্য কোনো স্থানে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি কাতারের এই মুখপাত্র।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ নিরসনে কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে। মঙ্গলবারের বৈঠক সেই প্রচেষ্টারই অংশ বলে জানিয়েছেন মাজেদ আল-আনসারি।