• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রতিটি আসনে এমপিদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
প্রতিটি আসনে এমপিদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব
নিউজটি শেয়ার করুনঃ

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। এ জন্য দেশের প্রতিটি আসনের সংসদ সদস্যদের (এমপি) নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি।

আজ বুধবার জাতীয় সংসদের শেষ দিনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ সংশোধন নিয়ে আলোচনায় অংশ নিয়ে নাজিবুর রহমান এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্বে করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নাজিবুর রহমান বলেন, ‘আমরা যখন এই বিলের ওপর আলোচনা করছি, তখন গোপালগঞ্জের একজন এমপির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজকেও সেখানে টুঙ্গিপাড়ায় আমাদের ইউনিয়ন আমিরের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথাই অনেকভাবে বলি। সুন্দর সুন্দর বুলি কপচাই। কিন্তু এই ফ্যাসিবাদকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এই ফ্যাসিবাদের শিকড় যদি আমরা উপড়ে ফেলতে না পারি, এই দেশ সাফারার হবে। এই সমস্ত বিলের সুবিধা, সুফল জনগণ ভোগ করতে পারবে না।’

জামায়াতের এমপি নাজিবুর রহমান বলেন, ‘আজকে মাননীয় প্রধানমন্ত্রী আছেন। জেলায় জেলায়, প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে (আসন বা নির্বাচনী এলাকা) আমাদের এমপিদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধকারী কমিটি হোক। গতকাল বলেছিলাম, প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের ভূত রয়ে গিয়েছে। এ ব্যাপারে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু বদলি করলে হবে না, ট্রান্সফার করলে হবে না।’

ফের হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা
নিজ এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অভিযোগ তুলে নাজিবুর রহমান বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দিয়েছিলেন। ওসি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছিলেন। কয়েক দিন আগেও পত্রিকায় প্রতিবেদন এসেছে, তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিচ্ছেন। তিনি আরও বলেন, ‘পরশুদিন দেখলাম, এক ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি বলেছে—জনাব ওসি, আমি যদি মুখ খুলি তাহলে কি আপনি থাকতে পারবেন? সেই ওসি নাকি আবার প্রধানমন্ত্রীর দপ্তরের একজন সচিব মর্যাদার ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে থাকেন। তাঁর ট্রান্সফারও হয় না, কোনো শাস্তিও হয় না।’ এ ধরনের ব্যক্তিদের খুঁজে খুঁজে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।