• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ঐক্যে ফাটলের কারণে আস্ফালন ফ্যাসিবাদীদের , গণভোটের রায় বাস্তবায়ন না হওয়াকেও ফ্যাসিবাদীদের আস্ফালনের অন্যতম কারন : সংসদে শফিকুর রহমান

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
ঐক্যে ফাটলের কারণে আস্ফালন ফ্যাসিবাদীদের , গণভোটের রায় বাস্তবায়ন না হওয়াকেও ফ্যাসিবাদীদের আস্ফালনের অন্যতম কারন  : সংসদে শফিকুর রহমান
নিউজটি শেয়ার করুনঃ

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনের আগে সবাই একই কাতারে থাকলেও নিজেদের মধ্যে ঐক্যে দুর্বলতা ও ফাটল তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সেই সুযোগ নিচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়াকেও ফ্যাসিবাদীদের আস্ফালনের অন্যতম কারণ বলে মনে করেন বিরোধীদলীয় নেতা। তাঁর মতে, দুটি নির্বাচনের মধ্য দিয়ে গঠিত এই সংসদে একটির বাস্তবায়ন হলেও অন্যটির হয়নি।

আজ বুধবার ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, শিল্প খাত, শিক্ষা, বিচার, নদীর পানিবণ্টন ও সংসদ সদস্যদের উন্নয়ন বরাদ্দে বৈষম্যের বিষয়েও কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, এটি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী সংসদ। এটি মজলুমদের সংসদ, মজলুমের পক্ষের সংসদ। এটি ফ্যাসিবাদবিরোধী সংসদ। এটি সন্ত্রাসবিরোধী সংসদ।

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) আমলের গুম, খুন ও নির্যাতনের কথা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, বিগত কয়েক দিন ধরে সারা দেশে অতীতের ফ্যাসিবাদী শক্তির পলাতক দোসরদের পক্ষ থেকে ব্যাপক নাশকতা প্রত্যক্ষ করা যাচ্ছে।

এ বিষয়ে সরকারের পদক্ষেপ সংসদের মাধ্যমে জাতিকে জানানো হবে—এমন প্রত্যাশা ছিল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, কিন্তু এতে সরকারের নীতি-কৌশল কী, তা স্পষ্ট হয়নি।

গণভোটের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা জানান, এই সংসদ প্রত্যাশার একটি সংসদ। দুটি নির্বাচনের মধ্য দিয়ে তাঁরা সংসদে এসেছেন। একটি নির্বাচনের বাস্তবায়ন হয়েছে, আরেকটি হয়নি। তিনি মনে করেন, ফ্যাসিবাদীদের আস্ফালনের পেছনে এটিও একটি কারণ।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রত্যাশা করব শহীদের আমানত, যোদ্ধাদের আমানত, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা এসব কিছুর আলোকে গণভোটের গণরায় এবং জুলাই সনদটা মানুষের প্রত্যাশার আলোকে যেন বাস্তবায়ন হয়।’

জামায়াতের আমির বলেন, ‘আমরা মনে করি, ফ্যাসিবাদীদের আস্ফালনের পেছনে এটিও একটি কারণ। আমাদের ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হয়েছে, ফাটল সৃষ্টি হয়েছে। আর সেই সুযোগই তারা নিচ্ছে। অথচ নির্বাচনের আগপর্যন্ত আমরা সবাই একই কাতারে, একই লাইনে ছিলাম।’ গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘যত তাড়াতাড়ি এটি বাস্তবায়ন হবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য ইনশা আল্লাহ ইস্পাতকঠিন হবে।’

শফিকুর রহমান বলেন, আগে ডানে-বাঁয়ে, সামনে-পেছনে সবখানে ফ্যাসিবাদ ছিল, কিন্তু তারা টিকতে পারেনি।

শফিকুর রহমান আরও বলেন, ‘আর এখন আমাদের সেই ঐক্যের সামনে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, আমি এটা বিশ্বাস করি না। এই ঐক্যের জায়গা যদি আমরা সঠিক করতে পারি, কাপুরুষতা, নাশকতা ও অগ্নিসংযোগ—এসব কিছুকে মোকাবিলা করে ইনশা আল্লাহ জাতি তার প্রত্যাশার বন্দরে পৌঁছাবে। আমরা সেই জায়গাটা দেখতে চাচ্ছি।’

বিচারের আওতায় যাঁদের আনা হচ্ছে, বিচারপ্রক্রিয়া আরও দৃশ্যমান ও গতিশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। কিন্তু একটা মানুষের সঙ্গেও সামান্য অবিচার করা হোক, এটা আমরা চাই না। আমরা চাই ন্যায়বিচার নিশ্চিত হোক। ন্যায়বিচার নিশ্চিত হলে সব খুনি তাদের ন্যায্য পাওনা শতভাগ পেয়ে যাবে।’

সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা আধিপত্যের কালো ছায়া এখন আবার অনুভব করছি। আমি সরকারকে অনুরোধ করব, বুক টান করে, পায়ের নলা শক্ত করে, সোজা হয়ে আপনারা দাঁড়ালে পুরো জাতি আপনাদের সঙ্গে দাঁড়াবে।’

শফিকুর রহমান বলেন, আধিপত্যবাদ বাংলাদেশে আবার ফিরে আসুক, এটা এই প্রজন্ম বেঁচে থাকতে মেনে নেবে না।

বিরোধীদলীয় নেতা জানান, তাঁরা আন্তরিক বন্ধু চান, উন্নয়ন সহযোগী চান; তবে তাঁদের মর্যাদা ও বাংলাদেশের মর্যাদা সমানতালে চলতে হবে।

পোশাকশ্রমিকদের বর্তমান আন্দোলনের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, ‘গার্মেন্টস খাতে কর্মরত শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধার বিষয়টি যদি আন্দোলনের মূল বিষয় হয়ে থাকে, তাহলে লেদার ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে, সিরামিক ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে, বিদ্যুৎ অফিসে কেন হামলা করা হচ্ছে, কেন আগুন দেওয়া হচ্ছে? এর পেছনে একেবারেই পরিষ্কার একটি তৃতীয় অপশক্তি রয়েছে, যারা পেছন থেকে আমাদের সবকিছু তছনছ করে দিতে চায়।’ তাদের চিহ্নিত করে পাকড়াও করার দাবি জানান শফিকুর রহমান।

শ্রমিকদের বেতন ১২ হাজার টাকা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘শ্রমিকেরা তাঁদের জীবন চালাবেন কীভাবে? একটি ঘর ভাড়া নিতেই এই টাকা চলে যাবে।’ এ বিষয়ে তিনি স্বল্প ও মধ্যমেয়াদি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, যখনই যে সরকারে থাকে, সংশ্লিষ্ট মন্ত্রীরা বক্তব্য দেওয়ার সময় বলেন, আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু আগের চেয়ে ভালো হতে হতে আমরা এখনো কোনো উন্নত দেশে পৌঁছাতে পারলাম না। আমি আজ আর কোনো দেশের নাম নিলাম না। আমরা ভালো একটি বাংলাদেশও পেলাম না, বরং দিন দিন বিভিন্ন ক্ষেত্রে আমাদের যন্ত্রণা বেড়েই চলছে।’