গাজীপুরের সালনায় সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তাবলিগ জামাতের সুরায়ে নেজামের আলেম-ওলামারা। নির্ধারিত সময়ের মধ্যে আয়োজন বন্ধ না হলে শুক্রবার বাদ ফজর সালনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন তাঁরা। এ দাবিতে বৃহস্পতিবার গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আলেম-ওলামারা।
টঙ্গীর বিশ্ব ইজতেমার আগে গাজীপুরের সালনার বাঁশবাড়ী এলাকায় সাদপন্থীদের জেলা ইজতেমা আয়োজন বন্ধের দাবি জানিয়েছেন তাবলিগ জামাতের সুরায়ে নেজামের আলেম-ওলামারা। আগামী ১২ ঘণ্টার মধ্যে ইজতেমা বন্ধ না হলে শুক্রবার বাদ ফজর সালনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা হাবিবুর রহমান মিয়াজী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৭ সালে দুই পর্বে টঙ্গীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গাজীপুরে সাদপন্থীদের জেলা ইজতেমা আয়োজন সাধারণ মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে বলে তাঁরা মনে করেন।
তিনি বলেন, গত ১৬ অক্টোবর টঙ্গীর ইজতেমা ময়দানে শীর্ষ আলেম-ওলামা ও হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বিশ্ব ইজতেমার আগে সাদপন্থীদের কোনো জমায়েতের সুযোগ না দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল। তবে সেই আহ্বান উপেক্ষা করে সালনার বাঁশবাড়ী এলাকায় তাদের জেলা ইজতেমার অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। গত ১৮ নভেম্বর থেকে সেখানে কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে ওই আয়োজন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। অন্যথায় তৌহিদি জনতা লংমার্চ করে কর্মসূচি বন্ধ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।
এ সময় মাওলানা মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মোখলেসুর রহমান, জুলফিকার হায়দার ও মাওলানা কাউসার আহমেদ হাবিবিসহ স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।