• ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আইসিজে ইতিহাসে প্রথম কোনো সার্বভৌম রাষ্ট্রকে গণহত্যার অপরাধে দোষী সাব্যস্ত , রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
আইসিজে ইতিহাসে  প্রথম কোনো সার্বভৌম রাষ্ট্রকে গণহত্যার অপরাধে দোষী সাব্যস্ত , রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার
নিউজটি শেয়ার করুনঃ

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ইতিহাসে এই প্রথম কোনো সার্বভৌম রাষ্ট্রকে গণহত্যার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আইসিজে রায় দিয়েছেন, ২০১৭ সালে মিয়ানমার দেশটিতে বসবাসকারী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েছে।

আন্তর্জাতিক আইনে গণহত্যা বা জেনোসাইড প্রমাণ করা অত্যন্ত জটিল ও কঠিন কাজ হিসেবে বিবেচিত। চলুন জানার চেষ্টা করি, অত্যন্ত স্পর্শকাতর ও কঠিন এই আইনি প্রক্রিয়া অতিক্রম করে মিয়ানমারের বিরুদ্ধে কীভাবে গণহত্যার অপরাধ প্রমাণিত হলো।

আইসিজে মিয়ানমারের ক্ষেত্রে স্পষ্ট করে বলেছেন—হাজার হাজার বেসামরিক মানুষ হত্যা করা, শত শত গ্রাম জ্বালিয়ে দেওয়া ও ব্যাপকভাবে যৌন সহিংসতা চালানো ‘সামরিক অভিযান’ নয়, সরাসরি গণহত্যা।

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে দেশটি। আজ বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে এ কথা জানিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। কোনো রাষ্ট্র গণহত্যার অপরাধ করেছে বলে আইসিজে এই প্রথম এমন রায় দিলেন।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে এই রায় ঘোষণা করেছেন আইসিজের বিচারক ইউজি ইওয়াসাওয়া। তিনি বলেছেন, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার। এর মাধ্যমে দেশটি গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত আন্তর্জাতিক সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

আজ স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) রায় পড়া শুরু করেন বিচারক ইউজি ইওয়াসাওয়া। প্রায় তিন ঘণ্টা পর তিনি রায় পড়া শেষ করেন এবং জানান, মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে। মানচিত্র দেখুন

আদালত জানান, ২০১৭ সালের আগস্টে শুরু হওয়া ‘ক্লিয়ারেন্স অপারেশনস’ বা নির্মূল অভিযানের আগে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নিরাপত্তাচৌকি ও বেসামরিক লোকজনের ওপর হামলা এবং গ্রাম পোড়ানোর ঘটনা ঘটিয়েছিল। তবে বিচারক বলেন, এসব ঘটনার পাশাপাশি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড ও অন্যান্য সহিংসতার প্রমাণও আদালতের সামনে এসেছে।

বিচারক ইওয়াসাওয়া বলেন, আদালতের পর্যালোচনা করা প্রমাণ অনুযায়ী, ২০১৭ সালের অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে।

আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে বিবেচনা করেছেন। বিচারক বলেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও শিল্প-সংস্কৃতি রয়েছে এবং তারা নিজেদের একটি পৃথক জনগোষ্ঠী হিসেবে পরিচয় দেয়। কয়েক দশক ধরে মিয়ানমারে তাদের প্রতি বৈষম্য করা হয়েছে বলেও প্রমাণ রয়েছে।

এ কারণে গণহত্যা সনদের আওতায় সুরক্ষার যোগ্য গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের বিবেচনা করেছেন আদালত।

গণহত্যা কী ও এর আইনি সংজ্ঞা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের দ্বারা সংঘটিত হলোকাস্টের ভয়াবহতার পর ১৯৪৮ সালে জাতিসংঘে গণহত্যা কনভেনশন বা জেনোসাইড কনভেনশন গৃহীত হয়। মানবতাবাদী এই আইনের মাধ্যমে গণহত্যার সুনির্দিষ্ট আইনি সংজ্ঞা নির্ধারণ করা হয়।

সংজ্ঞানুযায়ী, কোনো একটি জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশে বা অভিপ্রায়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই হলো গণহত্যা।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, নিচের পাঁচটি অপরাধমূলক কাজের অন্তত একটি সংঘটিত হলেই তা গণহত্যার শামিল হয়।

১. কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সদস্যদের হত্যা করা।

২. তাঁদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি সাধন করা।

৩. সেই গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যে স্বাভাবিক জীবনযাত্রার ওপর ধ্বংসাত্মক ও কঠিন শর্ত আরোপ করা।

৪. ওই গোষ্ঠীর জন্ম বা বংশবৃদ্ধি রোধের ব্যবস্থা নেওয়া।

৫. এক গোষ্ঠীর শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা।

হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে অল্প কিছু ঘটনায় গণহত্যা প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৭০-এর দশকে কম্বোডিয়ায় খেমাররুজের শাসনামলে চাম ও ভিয়েতনামি সংখ্যালঘুদের গণহত্যা (প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু), ১৯৯৪ সালে রুয়ান্ডায় তুতসিনিধন এবং ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় প্রায় আট হাজার মুসলিম পুরুষ ও বালককে হত্যার ঘটনা।

রোহিঙ্গাদের জন্য এই রায়ের গুরুত্ব
বাংলাদেশের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে অবস্থানরত লাখ লাখ রোহিঙ্গা ভুক্তভোগীর জন্য এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বছরের পর বছর ধরে মিয়ানমার যে দাবি করে আসছিল—তারা কোনো অন্যায় করেনি, জঙ্গি দমন করেছে—জাতিসংঘের সর্বোচ্চ আদালত তা আনুষ্ঠানিকভাবে বাতিল করে দিয়েছে এবং স্বীকৃতি দিয়েছে যে, রোহিঙ্গাদের ওপর যা ঘটেছে তা শুধুই সহিংসতা নয়, জাতিগতভাবে নির্মূলের উদ্দেশ্যে চালানো গণহত্যা।

যদিও আইসিজের একক রায়ে রাতারাতি সব রোহিঙ্গা নিরাপদে জন্মভূমিতে ফিরতে পারছেন না, তবে এটি মিয়ানমারের সামরিক জান্তাকে বিশ্ব দরবারে অপরাধী সাব্যস্ত করেছে এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার আদায়ের লড়াইয়ে এক ঐতিহাসিক আইনি ভিত্তি এনে দিয়েছে।

মিয়ানমারের ওপর আরোপিত আইনি বাধ্যবাধকতা ও ক্ষতিপূরণ

আইসিজের রায় চূড়ান্ত, বাধ্যবাধকতামূলক এবং এর বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ নেই। আন্তর্জাতিক আইন অনুযায়ী মিয়ানমারকে নিম্নোক্ত পদক্ষেপগুলো অবিলম্বে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে—

হত্যা বা চলমান সব ধরনের অপরাধ বন্ধ ও পুনরাবৃত্তি না করার নিশ্চয়তা: মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না—এই মর্মে পূর্ণ আইনি নিশ্চয়তা দিতে হবে।

ক্ষতিপূরণ: ভুক্তভোগী রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে। গণহত্যায় বাড়িঘর, সম্পত্তি ও স্বজন হারানো পরিবারগুলোকে অর্থনৈতিক ও বস্তুগত ক্ষতিপূরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্নির্মাণের বাধ্যতামূলক সহায়তা করতে হবে।

নিরাপদ প্রত্যাবাসন ও নাগরিকত্ব: বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় নিজ ভূমিতে ফিরিয়ে নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে এবং তাদের মৌলিক নাগরিক অধিকার ও পূর্ণ নাগরিকত্ব নিশ্চিত করতে হবে।

গণহত্যা কীভাবে প্রমাণিত হয়
যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের চেয়ে গণহত্যা প্রমাণ করা অনেক বেশি কঠিন। কারণ, এ ক্ষেত্রে প্রধান শর্ত হলো—অপরাধ সংঘটনের পেছনে একটি বিশেষ অভিপ্রায় বা উদ্দেশ্য প্রমাণ করতে হয়।

এই বিশেষ অভিপ্রায় দুই উপায়ে প্রমাণিত হতে পারে। প্রথমত, কোনো সামরিক কর্মকর্তা, শাসক বা সরকারি নির্দেশের সরাসরি নথি, দলিল কিংবা লিখিত বা মৌখিক বক্তব্য থেকে। দ্বিতীয়ত, নির্দিষ্ট কোনো অপরাধমূলক আচরণের ধারাবাহিক প্যাটার্ন বা ধরন বিশ্লেষণ করে স্বতঃসিদ্ধ অনুমানের ভিত্তিতে।

মিয়ানমারের ক্ষেত্রে আদালতকে নিশ্চিত হতে হয়েছে, ভুক্তভোগীরা একটি নির্দিষ্ট জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং সেই পরিচয়ের কারণেই সম্পূর্ণ নিধন করার উদ্দেশ্যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে।

অতীতে কোথায় গণহত্যা প্রমাণিত হয়েছিল
আইসিজে এর আগে দুটি গণহত্যা মামলায় চূড়ান্ত রায় দিয়েছিলেন, যার দুটিই ছিল ১৯৯০-এর দশকে যুগোস্লাভিয়ার পতনের পর বলকান যুদ্ধ-সম্পর্কিত।

২০০৭ সালে আইসিজে রায় দেন, সার্বিয়া সরাসরি স্রেব্রেনিৎসা গণহত্যা ঘটায়নি। তবে সার্বিয়া স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব সামরিক বাহিনীর সংঘটিত গণহত্যা প্রতিরোধ এবং অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হয়ে কনভেনশন লঙ্ঘন করেছে। এরপর ২০১৫ সালে আইসিজে রায় দেন, ক্রোয়েশিয়া এলাকায় গণহত্যা সংঘটিত হয়নি।

তবে জাতিসংঘের অন্যান্য বিশেষ ট্রাইব্যুনালে রুয়ান্ডা ও বসনিয়ার ঘটনার জন্য বহু অপরাধীকে গণহত্যার দায়ে দণ্ড দেওয়া হয়েছিল। এ ছাড়া ২০১৮ সালে কম্বোডিয়ার একটি বিশেষ ট্রাইব্যুনাল খেমাররুজের দুই নেতাকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন।

মিয়ানমারে মূলত কী ঘটেছিল
২০১৭ সালে মিয়ানমার সামরিক বাহিনীর বর্বর দমন-পীড়নের ফলে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে বাংলাদেশে পালিয়ে আসে। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা আদালতে এসে তাঁদের সাক্ষ্যে গণহারে মানুষ হত্যা, দলবদ্ধ ধর্ষণ ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ভয়াবহ ঘটনার বিবরণ তুলে ধরেন।

মিয়ানমার আদালতে আত্মপক্ষ সমর্থনের দাবি করেছিল, তাদের সামরিক অভিযান মূলত কোনো একটি সুনির্দিষ্ট জাতি বা রোহিঙ্গাদের ধ্বংস করার উদ্দেশ্যে ছিল না। এটি ছিল শুধুই বিদ্রোহী ও বিদ্রোহীদের আস্তানাকে লক্ষ্য করে চালানো ‘জঙ্গিবিরোধী অভিযান’। কিন্তু আন্তর্জাতিক আদালতের সংগৃহীত প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, স্যাটেলাইট চিত্র, মিয়ানমার বাহিনীর পরিকল্পিত ধারাবাহিক কার্যক্রম ও নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যার প্যাটার্ন বিশ্লেষণ করে আদালত মিয়ানমারের সেই দাবি খারিজ করে দেন। আদালত নিশ্চিত হন যে, এগুলো বিচ্ছিন্ন সামরিক ঘটনা নয়, বরং সুনির্দিষ্ট অভিপ্রায় নিয়ে চালানো ‘গণহত্যা’।

আইসিজে মিয়ানমারকে অবিলম্বে এসব অপরাধ বন্ধ করা, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

গাজা মামলার ওপর এই রায়ের প্রভাব কী হতে পারে
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা করে। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তাদের সামরিক অভিযান কোনো ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, কেবল হামাস যোদ্ধাদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। গাজা মামলার চূড়ান্ত রায়ের জন্য ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে আইনি বিশেষজ্ঞরা মিয়ানমারের মামলায় আইসিজের যুক্তিক্রম পর্যবেক্ষণ করছেন।

যেহেতু মিয়ানমার ও ইসরায়েল উভয় দেশই আইনি লড়াইয়ে দাবি করে আসছে যে, তারা সাধারণ জনগোষ্ঠীকে নয়, বিদ্রোহী বা সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে, তাই মিয়ানমারের ক্ষেত্রে আদালতের এই অবস্থান গাজার মামলাতেও রাষ্ট্রীয় দায়বদ্ধতা নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক আইনি নজির হয়ে থাকবে।

আইসিজের রায়ের পর ‘ঐতিহাসিক দিন’ বলে প্রশংসা গাম্বিয়ার প্রেসিডেন্টের

গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এ রায় ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক দিন’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার দফতর থেকে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বেঁচে যাওয়া রোহিঙ্গা ও সাক্ষীদের সাহসের প্রশংসা করে বলেন, তাদের ‘সাক্ষ্যই এই ফলাফল সম্ভব করেছে,’ এবং তাদের অধ্যবসায় ‘সার্থক প্রমাণিত হয়েছে।’

১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের অভিযোগ এনে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছিল গাম্বিয়া।

 

 

মিয়ানমারকে দ্রুত আইসিজের আদেশ বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের

May be an image of textMay be an image of text

মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ঐতিহাসিক এ রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রায়ে দেওয়া আদেশ দ্রুত, পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় ঐতিহাসিক। এই প্রথম আইসিজে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে বলে রায় দিয়েছেন।

গাম্বিয়া বনাম মিয়ানমারের এই মামলায় আদালত জানিয়েছেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে। আদালত আরও বলেছেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের অধীনে মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। দেশটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গণহত্যা সংঘটিত করা থেকে বিরত রাখতে পারেনি, গণহত্যা ও সনদে উল্লেখিত অন্যান্য অপরাধের শাস্তি নিশ্চিত করেনি এবং সনদ কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নেও ব্যর্থ হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সনদ লঙ্ঘনের কারণে আদালত মিয়ানমারকে কয়েকটি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে—সনদের বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে চলমান সংঘাত বন্ধ করা, গণহত্যা বা সনদে উল্লেখিত অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা ও তাঁদের বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করা। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে না ঘটে, সে জন্য নিশ্চয়তা ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণ ও পুনর্বাসনমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মিয়ানমারের দমন-পীড়নের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করা, তাদের নিজ নিজ বাসস্থানে ফিরতে দেওয়া ও বিচ্ছিন্ন পরিবারগুলোকে পুনর্মিলিত করার বিষয় রয়েছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষিত একটি মাইলফলক। মিয়ানমার এখন আদালতের চূড়ান্ত রায় মানতে ও নির্দেশনা বাস্তবায়নে আইনগতভাবে বাধ্য।

রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে দীর্ঘ সাত বছর ধরে নীতিগত অবস্থান নিয়ে মামলা পরিচালনার জন্য গাম্বিয়ার প্রশংসা করেছে বাংলাদেশ। এ মামলায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) গাম্বিয়াকে সমর্থন দিয়েছে। এ ছাড়া মামলায় ১১টি দেশের হস্তক্ষেপের বিষয়টিও উল্লেখ করেছে বাংলাদেশ। দেশগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।

বাংলাদেশ মিয়ানমার সরকারকে রায়ের বাধ্যবাধকতা দ্রুত, পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে পালনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐতিহাসিক রায়ের বাস্তবায়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই সংকট সমাধানের একমাত্র কার্যকর পথ। বাংলাদেশের বিশ্বাস, এই রায় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকার। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখা ও আরও বাড়ানোর আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।