নিরাপত্তা বাহিনীর কাছে প্রথম ‘কিজিলেলমা’ যুদ্ধবিমান হস্তান্তরের মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে নিজস্ব সামরিক সম্ভারে চালকবিহীন যুদ্ধবিমান (আনম্যানড ফাইটার জেট) যুক্ত করেছে তুরস্ক। বৃহস্পতিবার বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান ‘বায়কার’ এ ঘোষণা দিয়েছে।
বায়কার জানিয়েছে, ৬০০টি পরীক্ষামূলক ও প্রশিক্ষণ উড্ডয়ন (সর্টি) সফলভাবে সম্পন্ন করার পর তিনটি ইউনিট সক্রিয়ভাবে সামরিক পরিষেবায় যুক্ত হয়েছে। তবে বিমানগুলো ঠিক কোন তারিখে হস্তান্তর করা হয়েছে বা কোন নিরাপত্তা শাখা এগুলো গ্রহণ করেছে, তা সুনির্দিষ্টভাবে জানায়নি প্রতিষ্ঠানটি।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন, যখন একটি মহান স্বপ্ন বাস্তবে রূপ নিল।’ তুর্কি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’ -এ তিনি লেখেন, “আমি বিশ্বাস করি আমাদের গৌরবময় সেনাবাহিনী ‘বায়রাকতার কিজিলেলমা’-র মাধ্যমে একের পর এক বিজয় অর্জন করবে এবং আমি আশা করি এই গর্বিত মাইলফলক আমাদের জন্য বিশাল সাফল্য বয়ে আনবে।”
রাডারে কম দৃশ্যমানতা (লো রাডার ভিজিবিলিটি) এবং উচ্চ কৌশলগত গতিশীলতার (ম্যানুভারেবিলিটি) কথা মাথায় রেখে নকশা করা কিজিলেলমার সর্বোচ্চ উড্ডয়ন ওজন ৮.৫ টন এবং এর অভ্যন্তরীণ অস্ত্রাগারে (ইন্টারনাল ওয়েপনস বে) ১.৫ টন অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। এটি শব্দের গতির ৯০ শতাংশ বা সর্বোচ্চ ০.৯ ম্যাক গতিতে উড়তে পারে এবং টানা তিন ঘণ্টারও বেশি সময় আকাশে থাকতে সক্ষম।
বায়কারের তথ্যমতে, কিজিলেলমাই বিশ্বের প্রথম চালকবিহীন যুদ্ধবিমান যা নিজস্ব অ্যাকটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে রাডারের মাধ্যমে আকাশের লক্ষ্যবস্তু শনাক্ত করে দেশে তৈরি আকাশ-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য (এয়ার-টু-এয়ার) ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করতে সক্ষম হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা-সমর্থিত স্বয়ংক্রিয় ফরমেশন ফ্লাইট এবং স্মার্ট ফ্লিট সক্ষমতার কারণে বিমানটি ভবিষ্যতের আকাশযুদ্ধের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনসোশ্যালে বায়কার লিখেছে, ‘২০ বছর আগে আমরা যে স্বপ্ন গড়ার যাত্রা শুরু করেছিলাম, আজ তা আমাদের জাতির হাতে তুলে দিলাম।’
২০২১ সালের জুলাইয়ে কিজিলেলমার প্রাথমিক নকশার ছবি প্রকাশিত হয় এবং ২০২২ সালের মার্চে এর উৎপাদন শুরু হয়। নির্মাতা প্রতিষ্ঠানের ২০২৩ সালের মূল লক্ষ্যমাত্রার আগেই ২০২২ সালের ডিসেম্বরে এটি প্রথম উড্ডয়ন সম্পন্ন করে। ২০২৩ সালের এপ্রিলে কিজিলেলমা বায়কারের সশস্ত্র ড্রোন ‘আকিনজি’-এর সাথে ঘনিষ্ঠ ফরমেশনে উড্ডয়ন করে, যা দুটি চালকবিহীন বিমানের ক্ষেত্রে বিশ্বে প্রথম বলে দাবি করে প্রতিষ্ঠানটি। পরে টেকনোফেস্ট অ্যারোস্পেস উৎসবে এটি মানবচালিত ‘সোলোতুর্ক’ এবং ‘তুর্কিশ স্টারস’ অ্যারোব্যাটিক দলের সাথেও উড্ডয়ন করে।
গত এক বছরে বিমানটির পরীক্ষামূলক কার্যক্রম আরো জোরদার করা হয়। ২০২৫ সালের অক্টোবরে এটি ‘তোলুন’ এবং ‘তেবের-৮২’ গোলাবারুদের সফল পরীক্ষা চালায় এবং নভেম্বরে এতে ‘তয়গুন’ ইলেক্ট্রো-অপটিক্যাল টার্গেটিং সিস্টেম যুক্ত করা হয়। এর কয়েক দিন পর কৃষ্ণ সাগরের উত্তরাঞ্চলীয় সিনোপ প্রদেশের উপকূলে এক পরীক্ষায় তুরস্কের বৃহত্তম প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান আসেলসানের তৈরি রাডারের সহায়তায় লক্ষ্যবস্তু শনাক্ত করে রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান তুবিটাক সাগে-র তৈরি দৃষ্টিসীমার বাইরের (বিয়ন্ড-ভিজ্যুয়াল-রেঞ্জ) ‘গোকদোয়ান’ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি জেট-চালিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বায়কারের মতে, কোনো চালকবিহীন যুদ্ধবিমানের দৃষ্টিসীমার বাইরের ক্ষেপণাস্ত্র দিয়ে জেট-চালিত আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঘটনা বিশ্বে এটিই প্রথম।
২০২৫ সালের ডিসেম্বরে দুটি কিজিলেলমা জেট স্মার্ট ফ্লিট স্বয়ংক্রিয়তা ব্যবহার করে দলবদ্ধ (সোয়ার্ম) সক্ষমতা প্রদর্শন করে। ২০২৬ সালের মার্চে মানবচালিত ও চালকবিহীন যৌথ অভিযানের অংশ হিসেবে এটি ইতালীয় এম-৩৪৬ প্রশিক্ষণ জেটের সাথে স্বয়ংক্রিয় ফরমেশন ফ্লাইট পরিচালনা করে। এ ছাড়া জুলাইয়ে এটি ‘জেট-২৩০’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং অভ্যন্তরীণ অস্ত্রাগার থেকে তেবের-৮২ ও তোলুন গোলাবারুদ নিক্ষেপের প্রথম পরীক্ষা সম্পন্ন করে।
তুরস্কের যোগাযোগ অধিদফতরের প্রধান বুরহানেত্তিন দুরান বলেছেন, বৃহস্পতিবারের এই মাইলফলক দেশটির প্রকৌশলগত শক্তি, প্রযুক্তিগত গভীরতা এবং কৌশলগত দূরদর্শিতার প্রমাণ। এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘তুরস্ক নিজস্ব সম্পদ ও সক্ষমতা দিয়ে প্রতিরক্ষা শিল্পে ইতিহাস গড়ে চলেছে।’
বায়কার জানিয়েছে, ২০২৫ সালে তারা বিশ্বের বৃহত্তম ড্রোন রফতানিকারক প্রতিষ্ঠান ছিল এবং ওই বছর রেকর্ড ২২০ কোটি (২.২ বিলিয়ন) ডলারের বিক্রি অর্জন করেছে, যার প্রায় ৯০ শতাংশই এসেছে রফতানি থেকে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত সব খাত মিলিয়ে তুরস্কের শীর্ষ ১০ রফতানিকারকের তালিকায় ছিল প্রতিষ্ঠানটি। প্রতিরক্ষা শিল্প প্রেসিডেন্সি (এসএসবি) এবং তুরস্ক রফতানিকারক পরিষদের (টিআইএম) তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ রফতানিতে নেতৃত্ব দিয়েছে বায়কার—যেখানে ২০২৩ সালে এই খাতের মোট রফতানির এক-তৃতীয়াংশ এবং ২০২৪ সালে এক-চতুর্থাংশ ছিল তাদের দখলে।
এ পর্যন্ত বায়কার তাদের ‘বায়রাকতার টিবি২’ এবং ‘আকিনজি’ ড্রোনের জন্য ৪০টি দেশের সাথে রফতানি চুক্তি স্বাক্ষর করেছে; সিরিয়া, লিবিয়া, নাগোরনো-কারাবাখ এবং ইউক্রেনের সংঘাতে ব্যবহৃত হয়ে টিবি২ আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করে। এ ছাড়া গত মে মাসে ইন্দোনেশিয়ার সাথে কিজিলেলমার প্রথম রফতানি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি, যার আওতায় ২০২৮ সাল থেকে ১২টি কিজিলেলমা বিমানের একটি বহর সরবরাহ করা হবে এবং চুক্তিতে আরো চারটি বহর নেয়ার অতিরিক্ত সুযোগ রাখা হয়েছে।
সূত্র : ডেইলি সাবাহ