রোববার (২২ নভেম্বর) বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
”তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐক্যমত চাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য। জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে।”
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিৎ। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলো কাছে মেসেজ যাবে যে তারা আসলেই জাতীয় ঐক্যমত চাচ্ছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐক্যমত চাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য। জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে। এই ধরনের কোন জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ করবে না।

এক সপ্তাহের সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে রোববার (২২ নভেম্বর) বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন।
বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের আহবান থাকবে যে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিকভাবে বিচার তলান্বিত করা এবং এই যে সামনে আমাদের আসন্ন গঙ্গাচুক্তি সেখান নবায়নসহ দেশের এই গুরুত্বপূর্ণ যে মৌলিক ইস্যুগুলা আছে এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এই মৌলিক ইস্যুগুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয় তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে।
পতিত ফ্যসিস্টদের মোকাবেলা নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্য নয় বরং জনগণের মধ্যে যে ঐক্য, সামাজিক-রাজনৈতিক নানান শক্তির মধ্যে যে ঐক্য জুলাই গণঅভ্যুত্থানে ছিল সেই ঐক্যই কেবল ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে পারবে।
বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।