• ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম
নিউজটি শেয়ার করুনঃ

সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন পরিশোধের প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট)।

এতে বকেয়া পেনশন পরিশোধের ক্ষেত্রে আইবাস++ (iBAS++) সিস্টেমের ‘Arrear Certification’ অপশন ব্যবহারের নিয়ম নির্ধারণ করা হয়েছে।

গত ১৫ নভেম্বর জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। ডেপুটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের হিসাবরক্ষণ কার্যালয়গুলোর করণীয় তুলে ধরা হয়েছে।

কেন নতুন নির্দেশনা

অফিস আদেশে বলা হয়েছে, বকেয়া পেনশন পরিশোধের প্রক্রিয়া আরও উন্নত করতে আইবাস++ সিস্টেমের কারিগরি উন্নয়নকাজ চলছে। এ কারণে ‘Arrear Certification’-এর মাধ্যমে বকেয়া পেনশন পরিশোধের অনলাইন অপশনটি আপাতত সীমিত রাখা হয়েছে।

তবে পেনশনভোগীদের ভোগান্তি কমানো এবং বকেয়া পরিশোধ কার্যক্রম সচল রাখতে বিকল্প প্রশাসনিক ব্যবস্থায় এ অপশন চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা ও জেলা কার্যালয়ের জন্য নির্দেশনা

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (UAO) এবং জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা (DAFO) কার্যালয়কে সরাসরি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) কার্যালয়ে চিঠি পাঠানো যাবে না।

তাদের নিজ নিজ সংশ্লিষ্ট ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (DCA) কার্যালয়ের মাধ্যমে আবেদন বা পত্র পাঠাতে হবে। সংশ্লিষ্ট ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয় সেই পত্র পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে পাঠাবে।

বিভাগীয় ও কেন্দ্রীয় কার্যালয়ের করণীয়

অন্যদিকে, সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (CAFO) এবং ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (DCA) কার্যালয়কে সরাসরি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) কার্যালয় বরাবর পত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ আদেশের অনুলিপি দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ের ওয়েবসাইট [www.pension.gov.bd](https://www.pension.gov.bd) ভিজিট করা যাবে। এ ছাড়া ০২-৪১০৩০৫৮২ নম্বরে যোগাযোগের সুযোগ রয়েছে।