রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশের ঘটনার পর পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদারে ন্যাটোর বাড়তি সহায়তা চেয়েছে দেশটি। শিগগিরই মিত্র দেশগুলোর কাছ থেকে উল্লেখযোগ্য সহায়তা পাওয়ার আশা করছে পোল্যান্ড। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়াদিস্লাও কোসিনিয়াক-কামিশ শনিবার (২১ নভেম্বর) এ কথা জানান।
তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে সোমবার (২৩ নভেম্বর) ন্যাটোর নর্থ আটলান্টিক কাউন্সিলের বিশেষ বৈঠকে আলোচনা হবে। ন্যাটোর ইউরোপীয় মিত্রবাহিনীর সর্বোচ্চ কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকিউইচের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কোসিনিয়াক-কামিশ বলেন, পূর্ব সীমান্তের সুরক্ষা জোরদারে ন্যাটোর মিত্রদের কাছ থেকে শক্তিশালী সহায়তা পাবে পোল্যান্ড।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) ইউক্রেনে রাশিয়ার হামলার সময় পোল্যান্ডের আকাশসীমায় তিনটি রুশ বস্তু প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, এগুলোর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন ছিল। বস্তুগুলো দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার কারণ ও উৎস জানতে তদন্ত চলছে।
রাশিয়ার উসকানির মুখে সীমান্ত সুরক্ষায় ন্যাটোর দিকে তাকিয়ে পোল্যান্ড
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তাপ এবার ছড়িয়ে পড়ছে বাল্টিক অঞ্চলে
পোলিশ প্রতিরক্ষামন্ত্রী এ ঘটনাকে পশ্চিমা দেশগুলোর ঐক্য দুর্বল করার রুশ উসকানি বলে মন্তব্য করেছেন। শনিবার ওয়ারশ সফরে ন্যাটো মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের নিরাপত্তা রক্ষায় জোটের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এদিকে রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার খবর ঘিরে অপতথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করেছে পোল্যান্ড। দেশটির উপডিজিটালবিষয়ক মন্ত্রী পাওয়েল ওলশেভস্কি রোববার (২২ নভেম্বর) বলেন, অনলাইনে ছড়ানো হচ্ছে পোল্যান্ডে থাকা জার্মান সেনারা হামলায় সহায়তা করেছেন, পোল্যান্ড ও লিথুয়ানিয়া রাশিয়ায় হামলা চালিয়েছে এবং ন্যাটো কালিনিনগ্রাদে আক্রমণ করেছে। এসব দাবি মিথ্যা বলে জানিয়েছেন তিনি।
কালিনিনগ্রাদের বালতিয়েস্কে রুশ নৌঘাঁটির কাছে বিস্ফোরণের খবর স্বাধীনভাবে যাচাই করা যায়নি। লিথুয়ানিয়াও হামলায় তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।