• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বাহরাইনে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দুটি রাডারে ইরানের হামলা , শিল্প স্থাপনায় আগুন

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
বাহরাইনে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দুটি রাডারে ইরানের হামলা ,  শিল্প স্থাপনায় আগুন
নিউজটি শেয়ার করুনঃ

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে মোতায়েন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুটি রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের রিফা ও আওয়ালি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে বলে জানায় বাহিনীটি।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, শনিবারের শুরু থেকে মধ্যপ্রাচ্যে নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল সামরিক অভিযান ও আকাশপথে সুরক্ষা দেওয়ার প্রচেষ্টা প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বরং সমুদ্র ও আকাশপথে যেসব সামরিক সরঞ্জাম ও জাহাজকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এর মধ্যে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও আক্রমণক্ষমতাসম্পন্ন ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করে। এর জবাবে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বাহরাইনের ওই দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে অভিযান চালায়। এতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার দুটি লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে বাহিনীটি।

ইরানের আকাশসীমাকে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কোনো দেশ বা আগ্রাসী শক্তি ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে তার জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না। এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।

ইরানের হামলায় বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বাহরাইনের কর্তৃপক্ষ।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, শনিবার রাতে ইরানের বেশ কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ইরানের আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে। মন্ত্রণালয় জানায়, হামলায় স্থাপনাটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা।