একজন ছিলেন মদিনার মসজিদে নববীর ইমাম। তিনি শায়খ মুহাম্মদ আইয়ুব, যাঁর কণ্ঠের কুরআন তেলাওয়াত আজও লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
একজন ১৯৫১ সালে বার্মার পার্লামেন্টের নারী সদস্য ছিলেন। তিনি জুরা বেগম।
একজন ১৯৫৬ সালে মংডু দক্ষিণ থেকে নির্বাচিত এমপি ছিলেন। তিনি আবুল খায়ের।
একজন নিজের মাতৃভাষার জন্য আস্ত একটা বর্ণমালা তৈরি করেছেন। তিনি মোহাম্মদ হানিফ, হানিফি লিপির স্রষ্টা।
একজন রেঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক হয়ে আরাকানের ছেলেমেয়েদের বিজ্ঞান পড়িয়েছেন। তিনি ডাও আর. সি. জাবিনা।
একজন বার্মার জাতীয় বেতারে কুরআন তেলাওয়াত করা প্রথম রোহিঙ্গা। তিনি মুফতি আরশাদ হোসাইন।
এঁরা সবাই রোহিঙ্গা।
আজ যাঁদের “রাষ্ট্রহীন” বলা হয়, “বাঙালি অনুপ্রবেশকারী” বলে গালি দেওয়া হয়, তাঁদের পূর্বপুরুষরা পার্লামেন্টে বসেছেন। তাঁরা পুলিশে চাকরি করেছেন, স্কুলে পড়িয়েছেন, রেডিওতে কথা বলেছেন। ১৯৮২ সালের এক কালো আইন কলমের এক খোঁচায় তাঁদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে। ২০১৭ সালে আগুন আর বুলেটে লাখো মানুষকে ভিটেছাড়া করা হয়েছে।
গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) রায় দিয়েছে যে মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে। যে সত্য এতদিন চাপা দেওয়ার চেষ্টা হয়েছে, আজ তা আন্তর্জাতিক আইনের স্বীকৃতি পেয়েছে।
আমি নিজে আট বছর গুম ছিলাম। তাই আমি জানি, একজন মানুষের পরিচয় মুছে দিয়ে তাকে “নেই” বানিয়ে দেওয়ার চেষ্টা কেমন হয়। রোহিঙ্গাদের সঙ্গে ঠিক সেটাই করা হয়েছে, পুরো একটা জাতির সঙ্গে।
প্রিয় তরুণ প্রজন্ম,
ক্যাম্পের রোহিঙ্গা শিশুটিকে শুধু “বোঝা” হিসেবে দেখো না। ওর পেছনে আছে সংসদ সদস্য, শিক্ষক, আলেম আর বিজ্ঞানীদের ইতিহাস। ওর প্রাপ্য হলো নাগরিকত্ব, নিরাপত্তা আর মর্যাদা নিয়ে নিজের ভিটায় ফিরে যাওয়া। আর সেই নিরাপদ প্রত্যাবাসন বাংলাদেশেরও জাতীয় স্বার্থ।
তোমরা একাত্তর জানো, চব্বিশের জুলাই নিজের চোখে দেখেছো। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কাকে বলে, তা তোমাদের শেখাতে হবে না। এবার এই ইতিহাসটাও জানো, ছড়িয়ে দাও। মিথ্যা প্রচারের জবাব দাও সত্য দিয়ে।
ইতিহাস মুছে ফেলা যায় না। মানুষকেও না।
- ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি