• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

৯ মাসেও অস্থিরতা কাটেনি প্রশাসনে

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
৯ মাসেও অস্থিরতা কাটেনি প্রশাসনে
নিউজটি শেয়ার করুনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার ৯ মাস অতিবাহিত হলেও প্রশাসনে অস্থিরতা কাটেনি। বরং সচিবালয় থেকে মাঠ প্রশাসন পর্যন্ত বদলি, পদায়ন, পদোন্নতি, বাধ্যতামূলক অবসর এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ঘিরে অসন্তোষের অভিযোগ রয়েছে। সরকারের প্রথম আট মাসেই ২ হাজারের বেশি বদলি ও পদায়ন হয়েছে। একই সময়ে বিভিন্ন স্তরে পদোন্নতি পেয়েছেন ১ হাজার ৫৫ জন কর্মকর্তা। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ৩২ জনকে। এমন পরিস্থিতিতে প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে মাঠপর্যায় পর্যন্ত ব্যাপক পরিবর্তনের পরও আশানুরূপ কাজের গতি বাড়েনি এবং কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফেরেনি বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় সরকারি কাজে অবহেলা ও অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সংশ্লিষ্টদের মতে, সরকার পরিবর্তনের পর প্রশাসনে রদবদল স্বাভাবিক। কিন্তু ঘনঘন কর্মকর্তা পরিবর্তন, রাজনৈতিক পরিচয়ভিত্তিক মেরুকরণ এবং পদায়নে যোগ্যতা ও দক্ষতার পরিবর্তে আনুগত্যকে গুরুত্ব দেওয়ার অভিযোগ প্রশাসনিক স্থিতিশীলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের বারবার পরিবর্তন করা হলে সিদ্ধান্ত গ্রহণ, নীতিনির্ধারণ ও সরকারি কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, দীর্ঘদিনের রাজনীতিকীকরণের সংস্কৃতি থেকে বের হতে না পারায় সরকার পরিবর্তনের পরও প্রশাসনে স্থিতিশীলতা ফিরছে না। কেউ বলছেন, বিগত শাসনামলে গড়ে ওঠা প্রশাসনিক কাঠামোয় যথেষ্ট পরিবর্তন না আসায় বর্তমান সরকার পরিকল্পনা বাস্তবায়নে বাধার মুখে পড়ছে। ফলে শুধু বদলি ও পদায়নের সংখ্যা নয়, সেই পরিবর্তনের উদ্দেশ্য, প্রক্রিয়া এবং কার্যকারিতাও এখন আলোচনার বিষয়।

প্রশাসনের ভেতরে বিএনপি, আওয়ামী লীগ (কার্যক্রম-নিষিদ্ধ) ও জামায়াতপন্থি হিসেবে পরিচিত কর্মকর্তাদের পৃথক বলয় থাকার কথাও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। সরকার পরিবর্তনের পর বিএনপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে যাওয়ার তত্পরতা, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রভাবশালী হয়ে ওঠা কর্মকর্তাদের অবস্থান ধরে রাখার চেষ্টা এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাজনক পদে থাকা কর্মকর্তাদের সতর্ক অবস্থান, এসব বিষয়ও আলোচনায় রয়েছে। তবে এসব বিষয়ে প্রশাসনের কেউই মুখ খুলতে রাজি হননি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম আট মাসে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। গত ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব থেকে সহকারী সচিব পর্যায়ে ৭৩৬টি বদলি ও পদায়ন হয়েছে। মাঠ প্রশাসনে এই সংখ্যা ৫৮৯টি। এছাড়া, প্রেষণে আরো ৭০৩টি বদলি ও পদায়ন হয়েছে। এতে বদলি ও পদায়নের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। তবে অনেক ক্ষেত্রে একই কর্মকর্তা একাধিকবার বদলি হয়েছেন বলেও এই সংখ্যা বেড়ে যায়।

বদলি ও পদায়নের খতিয়ান :মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে বদলি পদায়নের তালিকায় রয়েছেন ৪৩ জন সিনিয়র সচিব ও সচিব, ১০০ জন অতিরিক্ত সচিব, ১০৩ জন যুগ্মসচিব, ১৮২ জন উপসচিব, ২৭৪ জন সিনিয়র সহকারী সচিব এবং ৩৪ জন সহকারী সচিব। মাঠ প্রশাসনে বদলি ও পদায়ন করা হয়েছে ছয় জন বিভাগীয় কমিশনার, চার জন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ৩৬ জন জেলা প্রশাসক, ১০৯ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ৩০৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৮২ জন সিনিয়র সহকারী কমিশনার এবং ৪৪ জন সহকারী কমিশনারকে। অন্যদিকে, প্রেষণে বদলি ও পদায়ন করা হয়েছে ৫৭ জন অতিরিক্ত সচিব, ১১৫ জন যুগ্মসচিব, ২০৫ জন উপসচিব, ১৮২ জন সিনিয়র সহকারী সচিব এবং অন্যান্য পর্যায়ের ১৪৪ জন কর্মকর্তাকে। একই সময়ে প্রশাসনের ১ হাজার ৫৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৭৪৬ জনকে নিয়মিত পদোন্নতির প্রক্রিয়ায় এবং ৩০৯ জনকে সুপিরিয়র সিলেকশন বোর্ডের মাধ্যমে পদোন্নতি দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৫৮টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার ইত্তেফাককে বলেন, বর্তমানে সিভিল সার্ভিস একেবারে বেতাল অবস্থায় আছে। আমি যদি মোটা দাগে বলি, সিভিল সার্ভিস বর্তমানে তিন ভাগে বিভক্ত। বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ। এই তিন দলেরই চাপ আছে বলে বাজারে গুজব আছে। হয়তো এটা অসত্যও নয়। সিভিল সার্ভিসে অনাস্থা, বিভাজন এবং দলাদলি গত প্রায় ৩০ বছর আগে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারপর এটা বাড়তে বাড়তে গত ১৫ বছরে এমন একটা অবস্থায় পৌঁছেছে যে, এ পরিস্থিতিতে প্রশাসনে স্থিতিশীলতা আসতে অনেক সময় লাগবে। কোনো সরকারের পক্ষে এত তাড়াতাড়ি এটা গোছানো সম্ভব নয়। কারণ এখানে কান কথা আছে, এখানে বিশ্বাস-অবিশ্বাসের বিষয় আছে, এখানে দলাদলি আছে। আর একটা জিনিস যদি একবার বেতাল হয়ে যায়, তা ঠিক হতে অনেক সময়ের প্রয়োজন হয়। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে মানবসম্পদ ব্যবস্থাপনায় সবচেয়ে বড় ব্যর্থতা ছিল উল্লেখ করে সাবেক এই সচিব বলেন, উনি এটাতে একেবারে কিছুই করতে পারেননি। বরং উনি এটাকে একেবারে লন্ডভন্ড করে দিয়ে গেছেন। ফলে বর্তমান সরকারের পক্ষে এটাকে ঠিক করা সময়সাপেক্ষ ব্যাপার।

কাজের ধীরগতি নিয়ে সংসদীয় কমিটিতেও উদ্বেগ :প্রশাসনের কার্যকারিতা নিয়ে জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। গত ১৪ অক্টোবর কমিটির প্রথম বৈঠকে সরকারি কাজে অসহযোগিতা ও অবহেলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন যেসব প্রকল্পের বাস্তবায়নে ধীরগতি রয়েছে, সেগুলোর কারণ অনুসন্ধানেরও সুপারিশ করে কমিটি। বৈঠকে কমিটির সভাপতি সাঈদ আহমেদ প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো আইনগত, প্রশাসনিক বা বাস্তব প্রতিবন্ধকতা থাকলে তা স্পষ্টভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব দেন। সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বলেন, সরকারি কর্মকর্তারা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর নন। তারা প্রজাতন্ত্রের কর্মচারী।

 

 

 

  • দৈনিক ইত্তেফাকের