২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার প্রস্তাবে সম্মতি না দেওয়া ভুল ছিল বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তার মতে, সে সময় ইউক্রেন ন্যাটোর সদস্য হলে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা ঠেকানো সম্ভব হতে পারত।
সোমবার (২৩ নভেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মের্ৎস।
তিনি বলেন, ২০০৮ সালে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ন্যাটোর সম্মেলনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইউক্রেনকে জোটের সদস্য করার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবে সমর্থন না দেওয়াটা যে ভুল ছিল, তা এখন স্পষ্ট। মের্ৎসের ভাষায়, ইউক্রেন তখন ন্যাটোর সদস্য হলে বর্তমান যুদ্ধ সম্ভবত ঠেকানো যেত।
এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ইউক্রেনের সদস্যপদ নিয়ে সতর্ক অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়া দীর্ঘদিনের জোটের অবস্থান হলেও এ বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে এখনো ঐকমত্য নেই। যুদ্ধের অবসানে সফল আলোচনা আগে প্রয়োজন।
সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আলোচনা আবার শুরু করার আহ্বান জানান। এর পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ন্যাটোকে ১৯৯৭ সালের অবস্থানে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এর অর্থ, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ন্যাটোতে যুক্ত হওয়া দেশগুলোর সদস্যপদ বাতিল করে জোটের সম্প্রসারণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া।
তবে রুটে বলেছেন, ন্যাটোকে ১৯৯৭ সালের সীমানায় ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তার মতে, জোটে কোন দেশ সদস্য হবে, তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ন্যাটোর ৩২টি সদস্য দেশের।