• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আদনান মুহাম্মদ খাশোগি বিংশ শতাব্দীর আলোচিত সৌদি ধনকুবের , পরিশেষে করুন বিদায়

Usbnews.
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬
নিউজটি শেয়ার করুনঃ
May be an image of one or more people
একসময় তিনি ছিলেন পৃথিবীর অন্যতম ধনী আরব। তাঁর নামের সঙ্গে জড়িয়ে ছিল অঢেল সম্পদ, রাজকীয় বিলাসিতা আর কল্পনাকেও হার মানানো ঐশ্বর্যের গল্প। তিনি আদনান মুহাম্মদ খাশোগি— বিংশ শতাব্দীর আলোচিত সৌদি ধনকুবের, যিনি পরিচিতি পেয়েছিলেন ‘যুগের কারুন’ নামে।
১৯৩৫ সালে সৌদি আরবে তাঁর জন্ম। তাঁর বাবা ডা. মুহাম্মদ খাশোগি ছিলেন সৌদি বাদশাহ আবদুল আজিজের ব্যক্তিগত চিকিৎসক। তাঁর পরিবারের সদস্যদের মধ্যেও ছিলেন বিশ্বপরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক জামাল খাশোগি ছিলেন তাঁর ভাই। আর বোন সামিরা খাশোগি ছিলেন দোদি আল-ফায়েদের মা, যিনি প্রিন্সেস ডায়ানার সঙ্গে প্যারিসের সেই আলোচিত দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
আদনান খাশোগির বিপুল সম্পদের মূল উৎস ছিল আন্তর্জাতিক অস্ত্র ব্যবসার মধ্যস্থতা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের লকহিড ও রেথিয়নের মতো প্রতিষ্ঠানের সঙ্গে সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশের বিশাল অস্ত্র চুক্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব চুক্তির কমিশন থেকেই গড়ে ওঠে তাঁর বিপুল সম্পদের সাম্রাজ্য। আশির দশকে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন ডলার বলে ধারণা করা হতো।
তাঁর বিলাসবহুল জীবনের অন্যতম প্রতীক ছিল ৮৬ মিটার দীর্ঘ প্রমোদতরি ‘নাবিলা’। বিশাল এই ইয়টে ছিল রাজকীয় আয়োজন, আরাম-আয়েশের সব উপকরণ। পরবর্তী সময়ে এটি ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় যায়। তিনি এর নাম রাখেন ‘ট্রাম্প প্রিন্সেস’। পরে ইয়টটি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের মালিকানায় গেলে এর নাম হয় ‘কিংডম ৫কেআর’।
শুধু ইয়টই নয়, তাঁর ছিল ব্যক্তিগত বিমান, বিলাসবহুল প্রাসাদ এবং অগণিত মূল্যবান সম্পদ। তাঁর জীবনযাপন এতটাই জাঁকজমকপূর্ণ ছিল যে, তাঁকে নিয়ে প্রচলিত ছিল অবিশ্বাস্য সব গল্প।
বলা হতো, তিনি প্রতিদিন প্রায় ১০ লাখ ডলার ব্যয় করতেন। তাঁর মেয়ের একবার ফ্রান্সের আইসক্রিম আর জেনেভার চকোলেট খাওয়ার ইচ্ছা হয়েছিল। মেয়ের সেই সামান্য ইচ্ছা পূরণ করতে নাকি বিশেষ বিমানে করে সেসব খাবার আনার ব্যবস্থা করেছিলেন তিনি। পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে যা কল্পনারও অতীত, তাঁর কাছে তা ছিল জীবনের স্বাভাবিক আয়োজন!
তাঁর প্রথম স্ত্রী সুরাইয়ার সঙ্গে ১৯৮১ সালে বিচ্ছেদ হয়। তাঁদের বিবাহবিচ্ছেদের নিষ্পত্তির অঙ্ক ছিল প্রায় ৫৪৮ মিলিয়ন পাউন্ড স্টার্লিং—যা সে সময়ের অন্যতম বৃহৎ বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত আর্থিক নিষ্পত্তি হিসেবে আলোচিত হয়েছিল।
সময়ের পরিক্রমায় সেই খাশোগিই আর্থিক সংকটে পড়লেন। আন্তর্জাতিক নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন। একসময় যে সম্পদের প্রাচুর্য তাঁকে পৃথিবীর ধনীদের শীর্ষ সারিতে বসিয়েছিল, ধীরে ধীরে সেই সম্পদের সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করল। হারাতে থাকলেন নিজের অধিকাংশ সম্পদ। যে বিলাসিতা একসময় ছিল তাঁর জীবনের পরিচয়, তা-ই একসময় হয়ে উঠল অতীতের স্মৃতি।
২০১৭ সালে লন্ডনে পারকিনসন রোগে আক্রান্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়।