• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ভারতে ২০১৯ সালে তাবরেজ আনসারি নামের এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ছবি দিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের দাবি

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬
ভারতে ২০১৯ সালে  তাবরেজ আনসারি নামের এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ছবি দিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের দাবি
নিউজটি শেয়ার করুনঃ

বাংলাদেশে “আল্লাহু আকবার” না বলে “জয় শ্রীরাম” ও “জয় হনুমান” বলায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে, এমন দাবিতে সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ঘটনাটি ভারতের ঝাড়খন্ডের। ২০১৯ সালে তাবরেজ আনসারি নামের এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার আগে রাম ও হনুমানের নামে জয়ধ্বনি দেওয়ানোর দৃশ্য এটি।

factcheck Hindu Boy Beaten

এক্সে ‘রুদ্রাক্ষ’ (Rudraksh) নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ১ মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়। ইংরেজিতে লেখা পোস্টটি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “বাংলাদেশে হিন্দুদের সাথে ঠিক এমন আচরণ করা হচ্ছে। একটি ছেলেকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে এবং ‘আল্লাহু আকবার’ বলতে বাধ্য করা হচ্ছে। কিন্তু সে এর পরিবর্তে ‘জয় শ্রীরাম’ এবং ‘জয় হনুমান’ বলায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি। বিএনপি এবং তারেক রহমান বাংলাদেশের জন্য এক বড় হুমকি।”

ভিডিওর প্রথম অংশে কালো পোশাক পরা এক ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। পরবর্তী অংশে এক ব্যক্তিকে ‘জয় শ্রীরাম’ ও ‘জয় হনুমান’ বলতে দেখা যায়।

এক্সের একাধিক অ্যাকাউন্ট (১, ২, ৩) থেকেও একই দাবিতে ভিডিওটি পোস্ট হতে দেখা গেছে।

যাচাইয়ে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে ফ্রান্সের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ফ্রান্স ২৪’-এর উদ্যোগ ‘দ্য অবজারভার্স’ এর অনলাইন সংস্করণে ২০১৯ সালের ১ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনাম, “মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতে বিক্ষোভকারীদের নিন্দা।”

প্রতিবেদনে সংযুক্ত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর প্রথম ও দ্বিতীয় দৃশ্যের হুবহু মিল রয়েছে। সেখানে বলা হয়, ভারতের ঝাড়খন্ডে তাবরেজ আনসারি নামের এক মুসলিম যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে।ভিডিওগুলোতে দেখা যায়, একটি খুঁটির সঙ্গে বেঁধে মোটরসাইকেল চুরির অভিযোগে তাকে মারধর করা হচ্ছে এবং ‘জয় শ্রীরাম’ ও ‘জয় হনুমান’ স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে।

বাংলাদেশের গণমাধ্যমেও এই ঘটনায় একাধিক প্রতিবেদন (১, ২, ৩, ৪) প্রকাশিত হয়। ২০১৯ সালের ২৫ জুন বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, “তাবরেজকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে যেখানে দেখা যায় তাকে হিন্দু দেবতাদের নাম নিতে বাধ্য করা হচ্ছে এবং তিনি জীবন ভিক্ষা চাচ্ছেন।”


দ্য অবজারভার্স ও বিবিসি বাংলার অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।
অর্থাৎ, ২০১৯ সালে ভারতে তাবরেজ আনসারি নামের এক মুসলিম যুবককে মারধরের ভিডিওকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু যুবক হত্যার ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।

 

  • ডিসমিসল্যাব