• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

পুনঃতফসিল দিয়ে সেনাবাহিনীর অধীনে ভোট চেয়ে করা রিট খারিজ

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৩
পুনঃতফসিল দিয়ে সেনাবাহিনীর অধীনে ভোট চেয়ে করা রিট খারিজ
নিউজটি শেয়ার করুনঃ

সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন আয়োজনের জন্য পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার দাবিতে করা রিট খারিজ (নট প্রেসড রিজেক্ট) করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২০ ডিসেম্বর) বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইদুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানান, রিট আবেদনটির গ্রহণযোগ্যতার (মেনটেইনেবলিটি) গ্রাউন্ডে খারিজ করে দিয়েছেন।

আদালত বলেছেন, রিটকারী সঠিকভাবে আসেনি।

নির্বাচন কমিশনকে (ইসি) কোনো নোটিশ না পাঠিয়ে সরাসরি রিট দায়ের করেছে।

এর আগে গত ১০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল।

দলটির চেয়ারম্যান ইমাম হায়াত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিট আবেদনে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দেয়ার নির্দেশনা চাওয়া হয়।

রিটে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়।

রিট দায়েরের পর ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত সেদিন বলেছিলেন, গত নির্বাচনে আমরা দেখেছি ক্ষমতাসীন সংসদ সদস্যরা নিজ নিজ আসনে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রশাসন, পুলিশ ও নিজেদের সশস্ত্র লোকদের ব্যবহার করে ভোটকেন্দ্র দখল ও অন্যদের ভোট প্রদানে বাধা সৃষ্টি করেছে।

তিনি আরো বলেছিলেন, সংসদ বহাল রেখে জালিয়াতিমুক্ত নির্বাচন অসম্ভব। প্রহসনমুক্ত নির্বাচনের মাধ্যমে দেশ ও গণতন্ত্র রক্ষায় আমরা ইনসানিয়াত বিপ্লব সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচনের আদেশ চেয়ে রিট আবেদন করেছি।

তিনি বলেন, চলতি বছরের ৮ মে উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। তাদের নিবন্ধন নম্বর-৪৬। দলটির নির্বাচনী প্রতীক আপেল।