রাজধানীসহ সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় রাজধানীর মিরপুর-১-এর সনি মোড় থেকে শুরু হওয়া মিছিলটি মিরপুর-১০ গোলচত্বর প্রদক্ষিণ শেষে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বক্তব্যে তিনি বলেন, সরকার মুখে শতভাগ সংস্কারের কথা বললেও কার্যত সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে। গণভোটের পক্ষে ও সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে ক্ষমতায় আসার পর সরকার আবারও বৈষম্যের নমুনা উপস্থাপন করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা পরিষদ, এমনকি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জুবায়ের বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত ছিল। এ সময়ে হাজার হাজার মানুষকে হত্যা, ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে এবং আয়নাঘর প্রতিষ্ঠা করা হয়েছিল। নির্বাচনব্যবস্থা, রাজনীতি ও সংসদীয় ব্যবস্থাসহ সবকিছু ধ্বংস করা হয়েছিল। ক্ষমতায় টিকে থাকতে সংবিধান পরিবর্তনসহ নানা ঘৃণ্য কাজ করা হয়েছে। এর পরিণতিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৩৬ জুলাইয়ের আন্দোলনে প্রায় ১৪০০ মানুষের শাহাদাত এবং হাজার হাজার মানুষের আহত ও পঙ্গুত্ব বরণের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ক্ষমতা ছেড়ে দলের প্রধান, নেতা-নেত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। তবে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে সেখান থেকে ধারাবাহিকভাবে উসকানি দেওয়া হচ্ছে। গত কয়েক দিনে আবারও তাণ্ডব চালানো হয়েছে। সংসদ সদস্যদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার ঘটনা ঘটেছে। চলন্ত যানবাহনের যাত্রীদের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ, চালক হত্যা ও লুটতরাজের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পুরোনো চিত্র ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
জুবায়ের বলেন, দেশের মানুষ আর ফ্যাসিবাদ গ্রহণ করবে না। জুলাই অভ্যুত্থানের অন্যতম বড় আকাঙ্ক্ষা ছিল সর্বস্তরে সংস্কার। জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় এমন মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের ফিরে আসার পথ বন্ধ করতে হবে এবং নতুন করে দেশে কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, এখন সরকার জাতীয় ঐক্যের কথা বলছে। সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর সংসদ নেতা ঐক্যের কথা বলেছেন এবং জুলাইয়ের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু জুলাইয়ের শক্তির সঙ্গে সরকার কখনো ভালো ব্যবহার করেনি বলে অভিযোগ করেন তিনি। জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো রাস্তায় ঘুরছেন উল্লেখ করে তিনি বলেন, সরকার যে জাদুঘর করেছে, সেটি জুলাইয়ের জাদুঘর নয়, দলীয় জাদুঘরে পরিণত হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ’ নয়, এখন ‘সবার আগে বিএনপি’ হয়ে গেছে। সবার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি।
জুবায়ের বলেন, ঐক্যের আহ্বানকে তারা সাধুবাদ জানান। তবে শুধু পরিস্থিতির কারণে মুখে ঐক্যের কথা বললে এবং সংস্কার বাস্তবায়ন না করলে জাতি ফ্যাসিবাদ থেকে বাঁচতে পারবে না। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ৩৩টি দল আলোচনা করে যে সংস্কার প্রস্তাব তৈরি করেছে, তা বাংলাদেশের ইতিহাসের অন্যতম উত্তম ব্যবস্থা। দেশের স্বাধীনতা বজায় রাখা এবং সন্ত্রাস ও বৈষম্য দূর করতে ওই প্রস্তাবের আলোকে বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সরকারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একেক মন্ত্রী একেক কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘দুই একটা ককটেল ফুটলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটা বলা যাবে না।’ কতগুলো ককটেল ফুটলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে, তা তিনি বলেননি। তাঁর দলের সংসদ সদস্যরা ঘরছাড়া, বাড়িছাড়া এবং জনগণের ওপর ক্র্যাকডাউন হচ্ছে। তাহলে কখন সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে বসে আছে। সরকারি দল তাদের ছলে-বলে-কৌশলে নিজেদের ছত্রচ্ছায়ায় রেখেছে। এই দ্বিচারিতা থেকে বেরিয়ে আসতে হবে। যারা মা-বোনদের এতিম করেছে, ভাইদের হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে, দেশের অর্থনীতি ও ব্যাংকব্যবস্থা ধ্বংস করেছে, তাদের সঙ্গে জাতি আপস করবে না।
জুবায়ের বলেন, জুলাই জাতীয় সনদ এবং গণভোটের গণরায় অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করাই বর্তমান সমস্যার একমাত্র সমাধান। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট গত সাত মাস ধরে আন্দোলন করে আসছে। সর্বশেষ ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে রংপুর এবং ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এসব লংমার্চ নিয়ে সরকারের বিভিন্ন ব্যক্তি হাসাহাসি করলেও সেখানে লাখো মানুষের সমাগম হয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, রাত ১২টা পর্যন্ত একজন মানুষও রাস্তা থেকে নড়েননি বা মাঠ ছেড়ে যাননি। ১১ দলীয় নেতারা হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এ দাবি শুধু কোনো একটি দল বা ১১ দলের নয়, দেশবাসীর দাবি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সাত দফা দাবির মূল কথা হলো, গণভোটের গণরায়ের আলোকে সার্বিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম, আত্মবিশ্বাসী ও আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলা। ফ্যাসিবাদ, সন্ত্রাস, বৈষম্য, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তেই তাদের আন্দোলন।
যুব বিভাগের নেতাকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায়ের আলোকে বাংলাদেশ গড়ে না তোলা পর্যন্ত তাদের পদযাত্রা ও আন্দোলন অব্যাহত থাকবে। জুলাই সনদের আলোকে বাংলাদেশ বিনির্মাণ এবং ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি যুবনেতা ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে মিছিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভুইয়া এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন। এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাসির উদ্দীন, মহানগরী যুব বিভাগের সহসভাপতি ডা. মঈন উদ্দিন, হাসানুল বান্না চপল ও নাসির উদ্দিন খান সজল প্রমুখ উপস্থিত ছিলেন।