ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় অবশেষে প্রথমবারের মতো জোটসঙ্গী পেলেন সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। তার নেতৃত্বাধীন ইয়াশার পার্টি এবং আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোম জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুই নেতার বৈঠকের পর এই সমঝোতা হয় । তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য এখনো আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন আইজেনকোটের।
গত ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে এটিই প্রথম জোটসংক্রান্ত কোনো চুক্তি। ওই নির্বাচনে ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন জিততে পারেনি। ফলে গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই পার্লামেন্ট শপথ নেয় এবং সংখ্যাগরিষ্ঠতা হারান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী দলগুলোও সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সব পক্ষের সঙ্গে আলোচনার পর আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।
দেশটির প্রচলিত আইন অনুযায়ী, সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে ২৮ দিন সময় পেয়েছেন আইজেনকোট; যা আগামী ৬ ডিসেম্বর শেষ হবে। তবে প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে তিনি ব্যর্থ হলে সরকার গঠনের পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু। আর তিনিও যদি ব্যর্থ হন, তবে কোনো পক্ষই সরকার গঠন করতে না পারায় আগামী বছর দেশটিতে ফের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলোর সঙ্গে জোট করে প্রত্যাশার চেয়ে ভালো ফল করলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি। বর্তমানে এই জোটের আসনসংখ্যা ৫৩টি। অন্যদিকে নির্বাচনে আইজেনকোটের মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন এবং লিবারম্যানের দলের আসনসংখ্যা সাতটি। লিবারম্যানের সম্ভাব্য জোটসঙ্গীসহ আইজেনকোটের জোটের সম্মিলিত আসন দাঁড়িয়েছে ৪৮টিতে। এ অবস্থায় ১৯টি আসনের অধিকারী আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে আইজেনকোটের। কারণ, নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে ওই দলগুলোর সঙ্গে তার অবস্থানের মিল রয়েছে।
তবে আইজেনকোট ও লিবারম্যানের এই জোট গঠনের সিদ্ধান্তকে কিছুটা বিস্ময়কর হিসেবে দেখা হচ্ছে। এর আগে লিবারম্যান জানিয়েছিলেন, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই তার প্রধান লক্ষ্য। কিন্তু তিনি যেমন আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছিলেন, তেমনি নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনেরও বিপক্ষে ছিলেন।
এদিকে আইজেনকোট, তার ‘পরিবর্তনপন্থি জোটের’ কয়েকজন শরিক এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যেও জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। এই বহুমুখী তৎপরতা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে। তবে আইজেনকোটের নেতৃত্বে সম্ভাব্য সরকার গঠন আদৌ কতটা বাস্তবসম্মত হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
অন্যদিকে লিকুদ পার্টির সঙ্গে আইজেনকোটের আলোচনার ফলে বিরোধী শিবিরেই মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। লিকুদের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনে আলোচনা এগিয়ে যাওয়ায় এবং ‘পরিবর্তনপন্থি সরকার’ গঠনের উদ্যোগে অচলাবস্থা দেখা দেওয়ায় আইজেনকোটের সঙ্গে আপাতত আলোচনা স্থগিত করেছে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি। নির্বাচনে আটটি আসন পাওয়া এই দলের প্রধান ইয়ার গোলান জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোকে সঙ্গে নিয়েই সরকার গঠনের পক্ষে।