চীনের মহাকাশ স্টেশন তিয়াংগংয়ে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী অবস্থান করছেন। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলী স্টেশনটিতে পৌঁছান। এর মধ্য দিয়ে চীনের মহাকাশ অভিযানে প্রথমবারের মতো বিদেশি নভোচারীর অংশগ্রহণের ঘটনা ঘটল।
চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) জানায়, বুধবার (২৫ নভেম্বর) সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে করে শেনঝৌ-২৪ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে প্রবেশ করে। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে সফলভাবে তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হয়। সংস্থাটি অভিযানকে সম্পূর্ণ সফল বলে জানিয়েছে।
পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলীর সঙ্গে এই অভিযানে রয়েছেন চীনের মহাকাশযানের পাইলট তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। তিন নভোচারী সফলভাবে মহাকাশ স্টেশনে প্রবেশ করেছেন বলে সিএমএসএর বিবৃতিতে জানানো হয়। এর মাধ্যমে চীনা ও বিদেশি নভোচারীদের মধ্যে প্রথম সরাসরি মহাকাশ সংযোগ সম্পন্ন হলো।
পাকিস্তান বিমানবাহিনীর পাইলট ও পেলোড বিশেষজ্ঞ আলী চীনের কোনো মহাকাশ অভিযানে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী। কক্ষপথে অবস্থানকালে তিনি কয়েকটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। এর মধ্যে ভবিষ্যৎ মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হিসেবে মাইক্রোঅ্যালগি বা অণুশৈবাল উৎপাদনের পরীক্ষা রয়েছে। পাশাপাশি মহাকাশের পরিবেশ কুইনোয়া বীজের ওপর কী প্রভাব ফেলে, তা-ও পর্যবেক্ষণ করবেন তিনি।
প্রায় পাঁচ দিনের এই অভিযান শেষে আলী শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন। গত মে মাসে মহাকাশ স্টেশনে যুক্ত হওয়া ওই যানটিতে বর্তমানে চীনের নভোচারী ঝু ইয়াংঝু, লাই কাইয়িং ও ঝাং ঝিয়ুয়ান রয়েছেন। তাদের মধ্যে লাই হংকংয়ের প্রথম নভোচারী এবং বর্তমানে স্টেশনে অবস্থানরত একমাত্র নারী।
চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের অংশ হিসেবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানি নভোচারীদের প্রশিক্ষণ দিতে একটি কর্মসূচি চালুর চুক্তি হয়। এই অভিযানের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে অভিনন্দন বিনিময় করেন। তিনি মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার এবং বৈশ্বিক মহাকাশ ব্যবস্থাপনার উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ অভিযানকে দেশের জন্য ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এই সাফল্য তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করবে এবং চীনের সঙ্গে পাকিস্তানের সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এর আগে অভিযানটিকে দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রতিফলন বলে মন্তব্য করেন।
এদিকে, চীন ২০৩০ সালের আগেই চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে মহাকাশ কর্মসূচিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। একই লক্ষ্যে যুক্তরাষ্ট্রও আর্টেমিস কর্মসূচির মাধ্যমে প্রতিযোগিতায় রয়েছে। তিয়াংগং মহাকাশ স্টেশনে চীনের নভোচারী ঝু ইয়াংঝু আরও দীর্ঘ সময় অবস্থান করবেন। এর মাধ্যমে মহাকাশে টানা এক বছর অবস্থানের চীনের প্রথম পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে চাঁদ ও আরও দূরবর্তী মহাকাশ অভিযানের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।