• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ের মাধ্যমে’ ৫ বছরে চীনে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, ‘অভিশপ্ত নরক’, থামছে না পাচার

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
বিয়ের মাধ্যমে’ ৫ বছরে চীনে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, ‘অভিশপ্ত নরক’, থামছে না পাচার
নিউজটি শেয়ার করুনঃ

ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের। প্রায় দেখা যায় চীন থেকে এসে বাংলাদেশে বিয়ে করছে চীনারা। কেউ নেই বিষয়টি তদন্তের ? আইন করতে হবে কোন বিদেশী বাংলাদেশে বিয়ে করতে হলে সেই দেশে বাংলাদেশের দূতাবাস থেকে অনুমতি নিতে হবে। তবেই হয়তো কিছুটা   থামবে বিয়ের নামে নারী পাচার।

প্রায় মিডিয়াতে দেখা যায় প্রেমিকার জন্য ছুটে এসেছেন চীন থেকে। আবার চীনা নাগরিককে বিয়ে করলেন। এই জাতীয় শিরোনাম প্রায় দেখা যায়। কিন্তু এসব নারীদের কি পরিণতি হচ্ছে , সেটা আড়ালেই থাকে অথবা জানা যায় না। অনেকেই হারিয়ে যায় পরিবার স্বজন থেকে। সহজ ভাষা প্রতারণা এবং পাচার বলা যায়।

‘বিয়ের মাধ্যমে’ ৫ বছরে চীনে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, ‘অভিশপ্ত নরক’

২২ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশের সংবাদ মাধ্যমের একটি খবরে জানা যায় – ‘বিয়ের মাধ্যমে’ ৫ বছরে চীনে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী,  ‘অভিশপ্ত নরক’।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় এবং মানবপাচার রোধ নিয়ে কাজ করা সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ’ আয়োজিত এক কর্মশালায় নারীদের চীনে যাওয়া সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ৪ হাজার ২২৬ বাংলাদেশি নারী পারিবারিক (কিউ-১) ভিসায় চীন গিয়েছেন।

২০২২ সালে এই সংখ্যাটি ছিল ৩৫ জনে। ২০২৫ সালে একই ভিসায় চীনে যাওয়া নারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭২১ জনে। তবে, ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৬ জনে। আর, ২০২৪ সালে ১ হাজার ৩৭৮ ও ২০২৫ সালে ১ হাজার ৭২১ নারী চীন যান।

সম্প্রতি, ভুয়া বিয়ের মাধ্যমে নারীদের চীনে পাচারের খবর সামনে আসার পর এই সংখ্যা প্রকাশিত হলো।

ঢাকায় চীনা দূতাবাসও অবৈধ এসব ‘ম্যারেজ ব্রোকার’ বা ঘটকালি চক্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

গত ১৪ জুলাই এক বিজ্ঞপ্তিতে চীনা নাগরিকদের সতর্ক করে দূতাবাস জানায়, অবৈধভাবে ‘কনে কেনার’ এই আয়োজন পাচার, চাঁদাবাজি, হুমকি, শারীরিক ক্ষতি এবং আর্থিক লোকসানের কারণ হতে পারে।

 

বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করতে প্রস্তাবিত কর্মপদ্ধতির ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ বর্তমানে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনার অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাচারকারী চক্রগুলোর লক্ষ্য বিভিন্ন জাতিগোষ্ঠীর নারীসহ অন্যান্য প্রান্তিক নারীরা। এই নারীদের বিভিন্ন প্রলোভনের মাধ্যমে চীনা নাগরিকদের সঙ্গে বিয়ের আয়োজন করে পাচারের চেষ্টা চলে।

ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের

টিকটকে পরিচয়ের পর মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে ঢাকায় এনে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চীনা নাগরিক চেন ইয়ংয়ের (৪১) বিরুদ্ধে এবার বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে গত তিন মাসে অন্তত ১৫ জন নারীর সঙ্গে একই কায়দায় প্রতারণামূলক সম্পর্ক গড়ে তুলেছেন তিনি।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, টিকটকের মাধ্যমে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হয়ে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন চেন ইয়ং। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দিয়ে স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে তাঁদের বিশ্বাস অর্জন করতেন এবং পরে ঢাকার বিভিন্ন এলাকার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ উঠেছে।

প্রতারণার কৌশল: পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে পরিচিত হতেন। চীনে নিয়ে যাওয়ার ও বিয়ের প্রলোভন দেখিয়ে স্ট্যাম্পে ভুয়া কাগজপত্র তৈরি করতেন এবং নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে নির্যাতন ও ধর্ষণ করতেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চেন ইয়ংয়ের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী নারী মানিকগঞ্জ সদর থানায় ছুটে আসেন; যাদের মধ্যে সাভারের এক নারী তাকে নিজের স্বামী বলে দাবি করেন।

মানিকগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধান ও চেন ইয়ংয়ের ব্যবহৃত মুঠোফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্তত ১৫ জন নারীর সঙ্গে তার এমন প্রতারণামূলক সম্পর্কের তথ্য পাওয়া গেছে। এসব সম্পর্কের প্রকৃত ধরন, বিয়ের সংখ্যা এবং অন্য কোনো নারী তার দ্বারা ধর্ষণ বা নির্যাতনের শিকার হয়েছেন কি না, তা অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেন ইয়ং দাবি করেছেন, তিনি বাংলাদেশে ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার উদ্দেশ্যে এসেছেন এবং চীনে তাঁর একটি ছোট অটোগ্যারেজ থাকার পাশাপাশি তিনি গাড়িচালক হিসেবেও কাজ করতেন। তবে ১২ আগস্ট ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসার পর স্থানীয় কোনো নাগরিকের সঙ্গে তাঁর আর্থিক লেনদেন বা প্রতারণা চক্রে অন্য কেউ জড়িত আছে কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা খতিয়ে দেখছে।

স্কুলছাত্রী উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনাপ্রবাহ

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে মানিকগঞ্জ সদর উপজেলার এক শিক্ষার্থী নিখোঁজ হলে পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থী মুঠোফোনে তার বড় বোনকে জানায় যে, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয় এবং বিয়ের আশ্বাসে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় ডেকে নেওয়ার পর তাকে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চেন ইয়ংকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

কী বলছে পুলিশ ও দূতাবাস

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানব পাচার ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঢাকার গণমাধ্যমকে জানান, তিনি বর্তমানে চীনকেন্দ্রিক মানব পাচারের চারটি মামলা তদন্ত করছেন। এ ছাড়া ঢাকার বিভিন্ন থানায় এমন আরও কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, চীনা দূতাবাস ২০২৫ সালে ১ হাজার ১০০-এর বেশি ফ্যামিলি ভিসা দিয়েছে বলে জানিয়েছে। আমাদের ধারণা, এর মধ্যে অন্তত ৬০০ জন ইতিমধ্যে সেখানে চলে গেছেন। বিয়ে এবং ভিসার বৈধ কাগজপত্র থাকলে তাদের চীনে যাওয়া থেকে ঠেকানো বেশ কঠিন।

এ বিষয়ে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কাউন্সেলর চু গুয়াং বলেন, ফ্যামিলি ভিসার আবেদনকারীদের বিয়ে সত্যি কি না এবং তারা স্বেচ্ছায় ভ্রমণ করছেন কি না, তা নিশ্চিত করতে সরাসরি সাক্ষাৎকারসহ একাধিক ধাপে যাচাই-বাছাই করা হয়।

তিনি বলেন, চীন ও বাংলাদেশের কিছু অসাধু ‘ম্যারেজ ব্রোকার’ লাভজনক ব্যবসা হিসেবে এই কাজ করছে।