• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও দৃঢ় হবে, চিরকাল ভাই ভাই থাকব: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও দৃঢ় হবে, চিরকাল ভাই ভাই থাকব: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
নিউজটি শেয়ার করুনঃ

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক অতীতের বিষয় পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এবং দিন দিন আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ‘আমরা অতীতকে ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হবে। আমরা চিরকাল ভাই ভাই হয়ে থাকব।’

পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শনকালে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সম্মানিত স্পিকার আওয়াইস কাদির শাহের আতিথেয়তায় তিনি অভিভূত। প্রাদেশিক পরিষদের সদস্যদের সাথেও তাঁর সাক্ষাৎ হয়েছে। তাঁরা অত্যন্ত আন্তরিক ও চমৎকার মানুষ। তাঁরা তাঁদের যথেষ্ট যত্ন নিয়েছেন। তাঁদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অর্থবহ আলোচনা হয়েছে। তাঁদের আতিথেয়তা সত্যিই উপভোগ্য ও অতুলনীয়।

উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন করেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ তাঁকে ও তাঁর প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

Leaving the Past Behind, Bangladesh-Pakistan Ties Will Grow Stronger; We Will Remain Brothers Forever, Speaker

পরিষদ পরিদর্শনের আগে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদল মাজারে কায়েদে আজমে শ্রদ্ধা নিবেদন করে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য জাম শাব্বির আলী খান এবং পরিষদের মহাপরিচালক ইরফান আহমেদ মেমনও প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।

সিন্ধু প্রাদেশিক পরিষদের ঐতিহাসিক ভবনে পৌঁছালে প্রাদেশিক মন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার, মুকেশ কুমার চাওলা, সৈয়দ নাসির হোসেন শাহ, রিয়াজ হোসেন শাহ শিরাজি, জাম খান শোরো ও মোহাম্মদ ইসমাইল রাহুসহ পরিষদের সদস্যরা বাংলাদেশের স্পিকার ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানান।

এ সময় প্রতিনিধিদলকে সিন্ধু প্রাদেশিক পরিষদের ঐতিহাসিক ভবন ঘুরে দেখানো হয়। ভবনটির ঐতিহাসিক গুরুত্ব, সংসদীয় ঐতিহ্য ও সংরক্ষিত ঐতিহাসিক নথিপত্র সম্পর্কে তাঁদের অবহিত করা হয়। জানানো হয়, ১৯৪৩ সালের ৩ মার্চ সিন্ধু প্রাদেশিক পরিষদ ছিল উপমহাদেশের প্রথম প্রাদেশিক পরিষদ, যা পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রস্তাব গ্রহণ করেছিল। উপমহাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে পরিষদটির ভূমিকা সম্পর্কেও প্রতিনিধিদলকে জানানো হয়।

পরে বাংলাদেশের স্পিকার ও তাঁর প্রতিনিধিদল সিন্ধু প্রাদেশিক পরিষদের নতুন ভবন, অধিবেশন কক্ষ ও স্পিকারের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে পরিষদের কার্যক্রম, প্রশাসনিক কাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পর্কে তাঁদের অবহিত করা হয়।

Leaving the Past Behind, Bangladesh-Pakistan Ties Will Grow Stronger; We Will Remain Brothers Forever.. Speaker
সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহের সাথে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক জোরদার, দুই আইনসভা প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সিন্ধু প্রাদেশিক পরিষদের চলমান অধিবেশনেও বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়। এ সময় পরিষদের সাবেক স্পিকার ও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিসার আহমেদ খোরো, জ্যেষ্ঠ প্রাদেশিক মন্ত্রী শারজিল ইনাম মেমন, প্রাদেশিক মন্ত্রী জাম খান শোরো ও মোহাম্মদ ইসমাইল রাহু, পরিষদ সদস্য আবদুল ওয়াসিম, মোহাম্মদ ফারুক, শাব্বির কুরেশি ও সামিতা আফজাল সৈয়দসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিন্ধুর সাংস্কৃতিক ঐতিহ্য ও আতিথেয়তার নিদর্শন হিসেবে প্রাদেশিক মন্ত্রী মোহাম্মদ ইসমাইল রাহু, রিয়াজ হোসেন শাহ শিরাজি ও জিয়া-উল-হাসান লাঞ্জার অতিথিদের সিন্ধি সাংস্কৃতিক টুপি ও আজরাক পরিয়ে দেন। পরিষদের নারী সদস্য সামিতা আফজাল সৈয়দ, তানজিলা উম্মে হাবিবা, সাদিয়া জাভেদ ও নিদা খোরো প্রতিনিধিদলের নারী সদস্যদের ঐতিহ্যবাহী সিন্ধি আজরাক পরিয়ে দেন।

সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ বাংলাদেশের স্পিকার ও প্রতিনিধিদলের সদস্যদের পরিষদের স্মারক ক্রেস্ট এবং সিন্ধুর ঐতিহ্যবাহী উপহারসামগ্রী দেন। জবাবে হাফিজ উদ্দিন আহমদ সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারকে স্মারক ক্রেস্ট উপহার দেন এবং উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান।

এ সফরে দুই দেশের সংসদীয় কূটনীতি, গণতান্ত্রিক মূল্যবোধের বিনিময়, আইনসভা দুটির মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক এবং সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় সিন্ধু প্রাদেশিক পরিষদের সচিব জি এম ওমর ফারুক, মিয়ান হাজি মোহাম্মদ হাসান শাহ, জ্যেষ্ঠ বিশেষ সচিব ও মহাপরিচালক ইরফান আহমেদ মেমন উপস্থিত ছিলেন। বাংলাদেশের উপহাইকমিশনার মোহাম্মদ সাকিব সাদাকাতও উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।